ভাইরাল খবর
সুরাটে বাংলার শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মুক্ত শ্রমিকরা
ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা! ফের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের ১০ জন পরিযায়ী শ্রমিক। গুজরাটের সুরাটে কাজ করতে গিয়ে তাঁদের আটক করে নির্যাতন করেছে পুলিশ বলে অভিযোগ। বাংলার প্রশাসনের তৎপরতায় অবশেষে তাঁরা বাড়ি ফিরেছেন।
শুক্রবার ভোরে পিংলার মালিগ্রামে ফিরে আসেন নির্যাতিত শ্রমিক বুদ্ধদেব বারিক (Buddhadeb Barik)। ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে তিনি জানান, “সুরাটের ভেন্ডিবাজারে কাজে গিয়েছিলাম। সন্ধ্যায় হোটেলে ঢুকে ঘুমোচ্ছিলাম। হঠাৎ দরজা ভেঙে কয়েকজন পুলিশ ঢুকে আমাদের বাংলাদেশি বলে গালাগাল শুরু করে। বুক-পেটে লাথি মারে, সন্ত্রাসবাদী বলে অপবাদ দেয়। থানায় নিয়ে গিয়ে চুল টেনে ধরে, মারধর করে আধার কার্ড চাইতে থাকে।”
তাঁদের আরও হুমকি দেওয়া হয়, “বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশে ছেড়ে দেওয়া হবে।” এমনকি লকআপে রাত কাটানোর পর ঝুলিয়ে মারার হুমকিও পান তাঁরা। তবে পরিবার থেকে বাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে, সুরাট কর্তৃপক্ষের হস্তক্ষেপে মুক্তি পান যুবকেরা।
আরও পড়ুনঃ “বাঙালির গায়ে হাত পড়লে বিজেপি নেতাদের হাত কেটে দেব”, বিস্ফোরক তৃণমূল বিধায়কের
বাড়ি ফিরে আবেগে ভেসে বুদ্ধদেব বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দয়ায় আমরা ফিরে আসতে পেরেছি। মনে হচ্ছে নতুন জীবন পেলাম।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে এ ধরনের হেনস্থা বেড়েছে। শুধুমাত্র বাংলা বলার অপরাধে তাঁদের বাংলাদেশি সন্দেহে মারধর, লুটপাট, পরিচয়পত্র কেড়ে নেওয়ার মতো অভিযোগ উঠছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়ে কলকাতা ও শান্তিনিকেতনে মিছিল করেছেন। এবার জঙ্গলমহল থেকেও ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। রাজ্য পুলিশ চালু করেছে বিশেষ হেল্পলাইন নম্বর।
