খুন
ভালোবাসা পেতে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, গ্রেফতার স্ত্রী ও প্রেমিক
ডিজিটাল ডেস্কঃ প্রেমের বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। সেই ‘বাধা’ দূর করতেই ঘটল চক্রান্ত। একবার নয়, দু’বার! প্রথমবারে বিষ খাইয়ে না মারতে পারায় ফের দ্বিতীয়বার সেই একই পন্থায় হত্যার চেষ্টা— আর এবার সফল স্ত্রী ও তার প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের টুন্ডলা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সুনীল যাদব (Sunil Yadav)। অভিযোগ, তাঁর স্ত্রী শশী (Shashi) এবং শশীর প্রেমিক যাদবেন্দ্র (Yadwendra) মিলে পরিকল্পিতভাবে তাঁকে বিষ খাইয়ে হত্যা করেছে। সুনীলের মা ২৪ জুলাই থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, শশী ও যাদবেন্দ্রর মধ্যে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে অবৈধ সম্পর্ক ছিল। সুনীল সেই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াতেই তাঁকে সরানোর ষড়যন্ত্র করা হয়। ১২ মে প্রথমবার সুনীলকে বিষ মেশানো দই খাওয়ানো হয়। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, পরে ছুটি পেয়ে বাড়ি ফেরেন। কিন্তু ১৪ মে ফের বিষ খাওয়ানো হয় এবং সেবার আর বাঁচানো যায়নি তাঁকে।
আরও পড়ুনঃ চিনে ভয়াবহ বন্যা! বেজিংয়ে মৃত্যু অন্তত ৩০, পাহাড়ি এলাকায় ব্যাপক ধ্বংস, উদ্ধার কাজে হেলিকপ্টার
তবে মৃত্যুর সময় কোনও সন্দেহ প্রকাশ না করায় মৃতদেহের ময়নাতদন্ত হয়নি, এবং তা দাহ করা হয়। কিন্তু পরে সুনীলের মায়ের সন্দেহ ঘনীভূত হলে পুলিশে অভিযোগ জানানো হয়। তদন্তে উঠে আসে বিষ অনলাইনে অর্ডার করেছিল অভিযুক্ত যাদবেন্দ্র। যদিও ময়নাতদন্তের অভাবে প্রমাণ সংগ্রহে কিছু সমস্যা দেখা দিয়েছে, তবে পুলিশ সুনীলের ব্যবহৃত কাপড়, বিছানার চাদর ও মোবাইল কল রেকর্ডসহ একাধিক আলামত জোগাড় করেছে।
উল্লেখ্য, সুনীল ও শশীর বিয়ে হয়েছিল ১২ বছর আগে। তাঁদের দুই সন্তান রয়েছে— ১০ বছরের অংশু এবং ৬ বছরের দীপাংশী। বর্তমানে অভিযুক্ত দু’জনই পুলিশ হেফাজতে এবং তদন্ত জারি রয়েছে।
