বিনোদন
একতা ভট্টাচার্যের ডিজাইন করা পোষ্টারে সেজেছে সিনেমার শহর – বাংলার গর্ব আজ বলিউডে
ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ের প্রতিটি অলিতে-গলিতে আজ ছড়িয়ে রয়েছে এক বাঙালি মেয়ের সৃজনশীলতার ছাপ। আসন্ন বলিউড ছবি ‘নিকিতা রায়’ (Nikita Roy)–এর পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা মায়ানগরী। সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha), অর্জুন রামপাল ও পরেশ রাওয়ালের মতো প্রথম সারির বলিউড তারকাদের অভিনীত এই ছবির পোস্টার ডিজাইনের দায়িত্ব ছিল এক বাঙালি কন্যার হাতে। তিনি ব্যারাকপুরের মেয়ে, একতা ভট্টাচার্য (Ekta Bhattacharjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সুপারহিট ছবির পোস্টার তাঁর হাত ধরে এসেছে মানুষের নজরে। এবার সেই প্রতিভাই পৌঁছেছে বলিউডের মঞ্চে।
ছবিটি মুক্তি পাবে আগামীকাল অর্থাৎ, ২৭ জুন। তার আগেই শহর জুড়ে নজরকাড়া প্রচারে চমকে দিচ্ছে একতার ডিজাইন করা পোস্টার।
আরও পড়ুনঃ“বিজেপি ৫০-এর নীচে আটকে যাবে”, ছাব্বিশের ভবিষ্যদ্বাণী করে ভোটের মঞ্চে বাজি ধরলেন অভিষেক
একতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর বাবি (প্রভাত রায়) এই সাফল্যে অত্যন্ত খুশি। আবেগঘন হয়ে পড়েন তিনি, কারণ মেয়ের এই কৃতিত্ব যেন তাঁকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে তাঁর নিজস্ব কর্মজীবনের পুরনো দিনগুলিতে, যখন কাজের সূত্রে মুম্বইয়ের অলিগলি চষে বেড়াতে হত। একতা বলেন, “বাবি খুবই গর্বিত। কারণ উনি জানেন, আমি যা কিছু অর্জন করেছি, সবটাই নিজের চেষ্টায়। এটা একটা ১২ বছরের দীর্ঘ লড়াইয়ের ফল। আমি কতবার কষ্ট পেয়েছি, কত জায়গায় উপেক্ষিত থেকেছি, অথচ বাবি সব সময় পাশে থেকেছেন। বলেছেন—কাজই শেষ কথা। চুপ করে নিজের কাজ করে যেতে হবে।”
সোনাক্ষীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে একতা বলেন, “সোনাক্ষীর সঙ্গে সরাসরি আমার কথা হয়নি ঠিকই, তবে ছবির চূড়ান্ত নির্বাচনের সময় সোনাক্ষী নিজেই ছিলেন সেই প্রক্রিয়ায়। তিনি যে ছবিগুলো বেছে দেন, আমরা সেগুলোর উপর ভিত্তি করেই পোস্টার ডিজাইন করেছি। প্রযোজকের কাছ থেকে জেনেছি, সোনাক্ষীর ডিজাইনগুলো বেশ পছন্দ হয়েছে।”
পোস্টার ডিজাইনের পাশাপাশি একতা ও তাঁর টিম মোশন গ্রাফিকস ও ভিএফএক্সের দিকেও সমানভাবে কাজ করছেন। গত তিন বছরে তিনটি বলিউড প্রজেক্টে যুক্ত ছিলেন তিনি, যার মধ্যে একটি ছবির মুক্তি ইতিমধ্যেই হয়েছে, বাকি দুটি এখনও অপেক্ষায়। তাঁর কথায়, তবে তাঁর স্বপ্ন আরও বড়। বললেন, “আমার আরও কিছু প্ল্যান আছে, একটু গুছিয়ে নিয়ে তারপরই জানাব।”
বাংলা সিনেমা থেকে বলিউড—এই উত্তরণের সফর সহজ ছিল না। কিন্তু প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম একতার পাশে থেকেছে।
আজ মুম্বই শহরের রাস্তায় যখন একতার ডিজাইন করা পোস্টার মানুষের নজর কাড়ছে, তখন শুধু তাঁর সাফল্য নয়, বাঙালির শিল্পসত্তাও যেন নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে ভারতের সিনেমা জগতে।
এই পথচলা একতার একার নয়—এটা বাংলা থেকে বলিউডে স্বপ্ন দেখা অসংখ্য তরুণ শিল্পীরও অনুপ্রেরণা।
