রাজনীতি
উন্নয়ন দেখাতে পুস্তিকা হাতে অভিষেক, কটাক্ষ কেন্দ্রকে— ‘বিজেপি শুধু কাঠিবাজি জানে’
ডিজিটাল ডেস্কঃ বর্তমান রাজনীতিতে বই প্রকাশ যেন হয়ে উঠেছে নতুন ট্রেন্ড। সেই ধারাতেই এবার ‘কথায় নয়, কাজে বিশ্বাস’ বার্তা দিয়ে নিজের সাংসদীয় এলাকার রিপোর্ট কার্ড প্রকাশ করলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ডহারবারে গত ১১ বছরে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, তার পূর্ণ বিবরণ তুলে ধরা হয়েছে এই পুস্তিকায়।
তৃণমূল সাংসদের কটাক্ষ, “আমাদের ডায়মন্ডহারবার মডেল নিয়ে কেউ কেউ ব্যঙ্গ করেন। কুৎসা রটানোর পরিবর্তে আগে নিজেদের কাজের খতিয়ান দিন। আমরা ৬ হাজার কোটি টাকার কাজ করেছি—তথ্য সহ বলছি।” তিনি জানান, শুধু রাজনীতি নয়, মানুষের পরিষেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, সেটাই তাঁর লক্ষ্য।
আরও পড়ুনঃ চিকিৎসক দিবসে সরকারি কর্মীদের জন্য ‘হাফ ডে’, ছুটি ঘোষণা রাজ্যের
একইসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারকেও একহাত নেন তিনি। তাঁর অভিযোগ, “বিজেপি হল কাঠিবাজ পার্টি। খালি কাঠি দিয়ে কীভাবে মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের কাজ। গরিব মানুষের ভাতের টাকা আটকে রাখা হচ্ছে। ডবল ইঞ্জিন সরকার বলে, আর দেশজুড়ে রাস্তা-ব্রিজ ভেঙে পড়ছে।”
পাহাড়ি এলাকায় সন্ত্রাসবাদী হামলা নিয়ে অভিষেক বলেন, “দেশ আমাদের কাছে মায়ের মতো। সেই দেশে চারজন জঙ্গি ঢুকে হত্যালীলা চালাল, অথচ কেন্দ্রের কোনও জবাব নেই।” তিনি আরও বলেন, “তৃণমূল নিজের কাজের খতিয়ান নিয়ে হাজির। বিজেপির নেতারা বড় বড় কথা বলেন। এবার তাঁদের বলা উচিত, আপনাদের রিপোর্ট কার্ড কোথায়?”
অভিষেকের এই রিপোর্ট কার্ড প্রকাশকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোড়ন শুরু হয়েছে। নির্বাচনের আবহে এই পদক্ষেপকে কার্যত বিজেপির বিরুদ্ধে আগাম পাল্টা চাল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
