দুর্ঘটনা
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার তিন শীর্ষ কর্তা বরখাস্ত, ডিজিসিএ-র কড়া নির্দেশ
ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর তড়িঘড়ি কড়া পদক্ষেপ নিল ডিজিসিএ (DGCA)। এয়ার ইন্ডিয়ার (Air India) বিরুদ্ধে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হতেই তিন উচ্চপদস্থ আধিকারিককে পদচ্যুত করার নির্দেশ দিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থাটি। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ‘ক্রু রস্টারিং’ সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে সরানো হয়েছে ওই আধিকারিকদের।
এই তিন আধিকারিক হলেন চুরা সিং (Chura Singh – Divisional Vice President), পিঙ্কি মিত্তাল (Pinky Mittal – General Manager, Crew Scheduling) এবং পায়েল অরোরা (Payel Arora – Crew Scheduling, Planning)। ডিজিসিএ-র স্পষ্ট নির্দেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই তিনজনকে সংস্থার কোনও পদে বহাল রাখা যাবে না।
শুক্রবারই ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে দ্রুত অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। শনিবার আরও কড়া পদক্ষেপ করে সরাসরি তিন আধিকারিককে অপসারণের নির্দেশ দেওয়া হয়। ডিজিসিএ-র দাবি, এয়ার ইন্ডিয়ার বিমানের নিরাপত্তা এবং ক্রু ম্যানেজমেন্টে এই আধিকারিকদের একাধিক গাফিলতির প্রমাণ পাওয়া গিয়েছে। পাশাপাশি, আগামী ১০ দিনের মধ্যে এয়ার ইন্ডিয়াকে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
আরও পড়ুনঃ আজ বিশ্ব সংগীত দিবস! “যেখানে ভাষা থামে, সুর সেখানেই কথা বলে”
প্রসঙ্গত, গত ১২ জুন দুপুরে আহমেদাবাদ বিমানবন্দরের (Ahmedabad Airport) কাছে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি লন্ডনগামী বিমান। ওই বিমানে ছিলেন ২৪১ জন যাত্রী। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় সকলেই। কেবলমাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। এত বড় প্রাণহানির পরিপ্রেক্ষিতে এয়ার ইন্ডিয়ার এই দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন বিমান পরিবহণ মহলের একাংশ।
এই ঘটনায় ডিজিসিএ-র তৎপর পদক্ষেপের মাধ্যমে ফের একবার বিমানযাত্রার নিরাপত্তা প্রশ্নের মুখে। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের গাফিলতি রুখতে আরও কঠোর নজরদারি চালানো হবে।
এয়ার ইন্ডিয়ার তরফে এখনও পর্যন্ত এই অপসারণ সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ইতিমধ্যেই বিমান সংস্থার অন্দরমহলে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন।
