ভাইরাল খবর
চাকরিচ্যুতদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিকেলে সাংবাদিক সম্মেলনে বড় বার্তা
ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সকালে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সামাজিক মাধ্যমে ঘোষণা করে তিনি জানান, বিকেল ৫টায় নবান্নে একটি সাংবাদিক সম্মেলনের (Press Conference) মাধ্যমে তিনি চাকরিচ্যুত শিক্ষকদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তাঁর কথায়, ‘‘চাকরিহারা শিক্ষক ভাইবোনদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করব।’’
নবান্নতে সাংবাদিক সম্মেলন বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাতে কোনও বিভ্রান্তি না ছড়ায়, তাই আমরা সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনেই সমস্ত ব্যবস্থা নিচ্ছি।’’ তিনি জানান, রিভিউ পিটিশন করা হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকে চেষ্টা চলছে যাতে কারও চাকরি না যায়।
দুই দফা প্রক্রিয়া চালু থাকবে:
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, যতক্ষণ না সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে রায় আসে, ততক্ষণ পর্যন্ত বিজ্ঞপ্তি জারি ও নিয়োগ প্রক্রিয়া চালু থাকবে। তিনি জানান, “কোর্ট যদি বলে, পরীক্ষায় বসতে হবে না, তবে তা মেনেই কাজ করব। অন্যদিকে, যদি রিভিউ সফল না হয়, তখন পূর্ণাঙ্গ লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও কাউন্সেলিংয়ের (Counseling) মাধ্যমে নিয়োগ করা হবে।”
নতুন করে শূন্যপদ ঘোষণা:
এই সংকটের মোকাবিলায় রাজ্য সরকার ৪৪ হাজার ২০৩টি শূন্যপদ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে—
-
নবম-দশম শ্রেণির জন্য: ২৩,২১২ টি
-
একাদশ-দ্বাদশের জন্য: ১২,৫১৪ টি
-
গ্রুপ-সি: ২,৯৮৯ টি
-
গ্রুপ-ডি: ৫,৪৮৮ টি
মুখ্যমন্ত্রী বলেন, “এগুলি হাই কোর্টের নির্দেশ ও রাজ্যের চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে।” তিনি আরও জানান, নবম-দশম স্তরের জন্য ১১,৫১৭টি এবং একাদশ-দ্বাদশের জন্য ৬,৯১২টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ চাকরিচ্যুতদের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিকেলে সাংবাদিক সম্মেলনে বড় বার্তা
বয়সে ছাড়, নতুন সুযোগ:
চাকরিচ্যুতদের অনেকেই ইতিমধ্যেই বয়স সীমা অতিক্রম করেছেন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বয়স কোনও বাধা হবে না। যারা চাকরি হারিয়েছেন, তাঁরাও ফের পরীক্ষায় বসতে পারবেন। অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি সুবিধাও দেওয়া হবে।’’
বিকল্প চাকরির পথও খোলা:
যাঁদের টাকা ফেরত দিতে বলা হয়েছে কিংবা ভবিষ্যতের পরীক্ষায় বসতে না বলা হয়েছে, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিক্ষা দপ্তরের (Education Department) অন্যান্য শূন্যপদে, বিশেষত গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে, তাঁদের জন্য আলাদা করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে।
মুখ্যমন্ত্রী বারবার বলেন, ‘‘চাকরি খেতে চাই না। আমরা চাই, সকলেই ন্যায্য সুযোগ পান। আইন মেনেই সব হবে।’’ এই ঘোষণার পর আন্দোলনকারী চাকরিচ্যুতদের একাংশ আশার আলো দেখছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের ভিত্তিতে। আপাতত আবেদন চালু থাকবে ১৬ জুন পর্যন্ত।
