আবহাওয়া
জলীয় বাষ্পে ভিজছে সকাল, বিকেলে বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়
ডিজিটাল ডেস্কঃ গ্রীষ্মের শুরুতেই দক্ষিণবঙ্গ জুড়ে আবারও ফিরে এল গরম ও আর্দ্রতার জোড়া সন্ত্রাস। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ থাকলেও তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার কারণে ঘেমে একসা অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।
আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা আজ রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, এবং গতকাল সর্বোচ্চ ছিল ৩১.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত উঠেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
বিকেল বা রাতের দিকে শহরে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। তবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে ততটা স্বস্তি মিলবে না বলেই মনে করা হচ্ছে। রাজ্যবাসীর জন্য সবচেয়ে আশঙ্কার খবর হল, আগামী ২৮ মে নাগাদ পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এটি পরবর্তী কয়েক দিনে আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর।
এদিকে পূর্ব-মধ্য আরবসাগরের উপরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা আজ থেকেই নিম্নচাপে পরিণত হয়ে উত্তরের দিকে এগোতে পারে। কর্ণাটক উপকূল ও মহারাষ্ট্র উপকূলেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আসাম ও পাঞ্জাবেও (Punjab) সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিতে পারে।
আগামী সপ্তাহে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে (Medinipur) ঝড়বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানাচ্ছে পূর্বাভাস। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত। আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও আর্দ্রতার প্রভাবে অস্বস্তি বজায় থাকবে।
এদিকে কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, গোয়া এবং ঘাট অঞ্চলগুলিতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর, লাদাখ এবং পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ চলবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ওড়িশা ও রাজস্থানেও (Rajasthan) তীব্র গরম ও দাবদাহ পরিস্থিতি বিরাজ করছে।
বিশেষজ্ঞদের পরামর্শ, রাজ্যের বর্তমান আবহাওয়া পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিত আবহাওয়ার আপডেটের উপর নজর রাখতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণ মানুষকে।
