দেশ
ড্রোন হুমকির জেরে ফের সতর্কতা, মঙ্গলবার বন্ধ জম্মু-লেহ-শ্রীনগরের বিমান পরিষেবা
ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদী হামলার জেরে সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা, আর সেই আবহেই মঙ্গলবার (১৩ মে) জম্মু (Jammu), শ্রীনগর (Srinagar), লেহ-সহ (Leh) সাতটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে সব ধরনের উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগো (IndiGo)। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট — এই আটটি গন্তব্যের সমস্ত ফ্লাইট মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, ইন্ডিগো ঘোষণা করেছে, তারা জম্মু, শ্রীনগর, লেহ, অমৃতসর, চণ্ডীগড় ও রাজকোট-এ বিমান পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখছে।
এক্স (X formerly Twitter)-এ পোস্ট করে এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়, “বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে, যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনায় এনে ১৩ মে, মঙ্গলবার, কিছু রুটে বিমান পরিষেবা স্থগিত করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাব।”
#TravelAdvisory
In view of the latest developments and keeping your safety in mind, flights to and from Jammu, Leh, Jodhpur, Amritsar, Bhuj, Jamnagar, Chandigarh and Rajkot are cancelled for Tuesday, 13th May.We are monitoring the situation and will keep you updated.
For more…
— Air India (@airindia) May 12, 2025
আরও পড়ুনঃ প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা নেপালদেব, ছাত্র রাজনীতি থেকে সংসদ—শেষ হল এক সংগ্রামী যাত্রা
একই সুর ইন্ডিগোরও। তারাও এক্স হ্যান্ডেলে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে গুরুত্ব দিয়েই তারা সাময়িক এই সিদ্ধান্ত নিচ্ছে।
#6ETravelUpdate pic.twitter.com/KnJYNZgOhF
— IndiGo (@IndiGo6E) May 12, 2025
প্রসঙ্গত, ৭ মে পহেলগাঁও (Pahalgam) এলাকায় সন্ত্রাসবাদী হামলা ও পরবর্তী প্রতিরোধমূলক ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর জেরে ভারত-পাক সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই পাকিস্তান ড্রোনের মাধ্যমে লাগাতার আকাশপথে উসকানিমূলক কার্যকলাপ শুরু করে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার গত ৯ মে নির্দেশ দেয়, উত্তর ও পশ্চিম ভারতের সীমান্তবর্তী ৩২টি বিমানবন্দরে ১৪ মে পর্যন্ত সাময়িকভাবে অসামরিক বিমান চলাচল বন্ধ থাকবে।
যদিও শনিবার ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের সংঘর্ষবিরতির প্রস্তাবকে সমর্থন জানানো হয় এবং বিকেল ৫টা থেকে সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হয়। শান্ত পরিস্থিতি ফিরে আসার পর, সোমবারই কেন্দ্র থেকে ৩২টি বিমানবন্দর ফের চালু করার নির্দেশ দেওয়া হয়।
তবে, সেই নির্দেশ কার্যকর হওয়ার পরেও মঙ্গলবারের জন্য জম্মু-শ্রীনগর-সহ সাতটি শহরে বিমান ওঠানামা বন্ধ রাখার ঘোষণা করল দেশের দুই অন্যতম বিমান পরিবহণ সংস্থা। নিরাপত্তা ইস্যুকে গুরুত্ব দিয়ে এমন পদক্ষেপ, বলেই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা সর্বাধিক গুরুত্বপূর্ণ, তাই পরিস্থিতির দিকে নজর রেখেই ফের বিমান চলাচল শুরু হবে কি না, তা নির্ধারণ করা হবে বলে স্পষ্ট বার্তা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর।
