হামলা
ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে পহেলগাঁও কাণ্ড ঘিরে পাকিস্তান সংসদের জরুরি অধিবেশন
ডিজিটাল ডেস্কঃ যখন ভারত সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে সোমবার (Monday) জরুরি অধিবেশন বসছে পাকিস্তানের (Pakistan) সংসদে। সূত্রের খবর, বিকেল ৫টায় ইসলামাবাদের সংসদ ভবনে এই অধিবেশন ডেকেছেন পাক রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি (Asif Ali Zardari)।
অধিবেশনে ভারতের সাম্প্রতিক কড়া পদক্ষেপ—সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) স্থগিত রাখা, ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা এবং একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হতে পারে। ইসলামাবাদ এই পদক্ষেপগুলিকে যুদ্ধের প্রাক প্রস্তুতি হিসেবেই দেখছে বলে দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমের।
আরও পড়ুনঃ বিরোধী শিবিরে ভাঙন, প্রায় ২৬টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান
পাক পত্রিকা ‘ডন’ (Dawn) সূত্রে জানা গিয়েছে, রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) সর্বদলীয় বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন। বৈঠকে পাকিস্তান সেনার মুখপাত্র ও তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।
অন্যদিকে দিল্লিতে (Delhi) এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, “যারা ভারতের দিকে চোখ তুলে তাকায়, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমাদের।” তাঁর বার্তা, “দেশ যা চাইছে, সেটাই হবে।”
বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ নয়, তবে পাকিস্তানের তরফে ভারতের সিদ্ধান্তের নিন্দা ও কূটনৈতিক প্রতিবাদ উত্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লিও।
