হামলা
পহেলগাঁও হামলা এবং বিদেশে খলিস্তানি আক্রমণের পর নিরাপত্তা আরও কঠোর জয়শঙ্করের
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁও জঙ্গি হামলার পর বদলেছে দিল্লির কূটনৈতিক বাতাবরণ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও তলানিতে, অন্যদিকে বিদেশের মাটিতে বাড়ছে খলিস্তানি চরমপন্থীদের দৌরাত্ম্য। এই দুই কারণে বাড়তি সতর্কতা হিসেবে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)-এর নিরাপত্তা আরও জোরদার করল কেন্দ্র।
সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই জয়শঙ্করের জন্য দু’টি বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দিল্লির বাসভবনের চারপাশে কড়া নজরদারিও জোরদার করা হয়েছে। ২০২৩ সালেই তাঁকে ওয়াই ক্যাটেগরি থেকে জেড ক্যাটেগরির (Z Category Security) নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার সেই নিরাপত্তার পরিসর আরও বাড়ানো হল।
উল্লেখ্য, দেশের তৃতীয় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা হল এই ‘জেড’ ক্যাটেগরি। যেখানে প্রায় ২২ জন নিরাপত্তারক্ষী, তার মধ্যে ৪-৫ জন থাকেন এনএসজি (NSG) কমান্ডো। বাকিরা সশস্ত্র বাহিনী ও রাজ্য পুলিশের সদস্য। এই কভার এতদিন জয়শঙ্করের সঙ্গে ছিল, তবে এবার তা আরও আঁটসাঁট করা হল।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মার্চেই লন্ডনে বিদেশমন্ত্রীর উপর হামলার চেষ্টা চালিয়েছিল খলিস্তানি (Khalistani) গোষ্ঠী। তখন পুলিশের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই বিদেশমন্ত্রীকে লক্ষ্য করে থাকা হুমকির মাত্রা বেড়েছে বলে মনে করছেন গোয়েন্দারা।
এছাড়াও সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে। নয়াদিল্লি পাল্টা ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে সীমান্তে। এই আবহে বিদেশমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিশানা করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই তাঁর নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে।
শুধু এস জয়শঙ্কর নন, সূত্রের খবর, দিল্লির বিক্রম মিসরি (Vikram Misri)-সহ বিজেপির আরও প্রায় ২৫ জন শীর্ষ নেতার নিরাপত্তা খতিয়ে দেখছে কেন্দ্র। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রমেই চাপে পড়ছে ভারতের নিরাপত্তা পরিকাঠামো। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলাতেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার।
