কলকাতা
অবসরপ্রাপ্ত চিকিৎসকের সঙ্গে কোটি টাকার প্রতারণা, কলকাতায় ধৃত তিন
ডিজিটাল ডেস্কঃ ডিজিটাল যুগে প্রতারণার কৌশলও রীতিমতো আধুনিক। এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের কাছ থেকে মুম্বই পুলিশের পরিচয়ে ‘ডিজিটাল গ্রেফতার’ দেখিয়ে এক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতায় তিন জনকে গ্রেফতার করল সাইবার ক্রাইম বিভাগ।
জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম ডঃ উৎপলকুমার বিট। কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিৎসক উৎপলবাবু সম্প্রতি অবসর গ্রহণ করেন। অবসরোত্তর জীবনে একটি ব্যক্তিগত গাড়ি কেনার পরিকল্পনা করেছিলেন তিনি। সেই সময়েই এক অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে মুম্বই পুলিশের উচ্চপদস্থ অফিসার পরিচয় দিয়ে জানায়, তাঁর বিরুদ্ধে একটি গোপন অভিযোগ দায়ের হয়েছে এবং ‘ডিজিটাল ওয়ারেন্ট’ জারি করা হয়েছে। ডঃ বিটের অভিযোগ, ফোনে তাঁকে বলা হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট তল্লাশি করতে হবে এবং তৎক্ষণাৎ একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে বলা হয়। ভয় এবং বিভ্রান্তির মধ্যে পড়ে ওই চিকিৎসক দু’দফায় মোট এক কোটি টাকা পাঠিয়ে দেন প্রতারকদের অ্যাকাউন্টে।
আরও পড়ুনঃ শর্ত সাপেক্ষ! মুর্শিদাবাদ যাওয়ার অনুমতি মিলল শুভেন্দুর
ঘটনা বুঝতে পেরে উৎপলবাবু প্রথমে সার্ভে পার্ক থানায় এবং পরে লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই সূত্র ধরেই খোঁজ মেলে সুরজকুমার সিংহ, আরমান আখতার খান এবং খিদিরপুরের বাসিন্দা মহম্মদ জাহিনুদ্দিনের। তিনজনকেই গ্রেফতার করে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয়। আদালত ধৃতদের ৩ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রতারক চক্রের সঙ্গে যুক্ত আরও একজনের খোঁজ চলছে। তার অ্যাকাউন্ট থেকেই মূল টাকা সরিয়ে দেওয়া হয়েছিল সুরজের অ্যাকাউন্টে।
এদিকে, বালিগঞ্জ এলাকাতেও একই ধাঁচের প্রতারণার অভিযোগে অসম থেকে ভাস্কর বড়াল নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় এক ৭১ বছর বয়সী প্রবীণ ব্যক্তি প্রতারিত হন। সাইবার ক্রাইম বিভাগ সূত্রে জানানো হয়েছে, এই ধরনের প্রতারণা রুখতে নাগরিকদের আরও বেশি সচেতন হওয়া জরুরি। সন্দেহজনক ফোনে ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেনের তথ্য কখনওই ভাগ না করার পরামর্শ দিয়েছে পুলিশ।
