রাজনীতি
মার্কিন হামলায় রক্তাক্ত ইয়েমেন, হোদেইদায় মৃত ৩৮, পালটা আঘাতের হুমকি হাউথিদের
ডিজিটাল ডেস্কঃ লোহিত সাগরের উপকূলে নতুন করে রক্ত ঝরল মার্কিন সামরিক অভিযানে। ইয়েমেনের হোদেইদা প্রদেশে হাউথি বিদ্রোহীদের একটি জ্বালানি স্থাপনায় এয়ারস্ট্রাইক চালাল মার্কিন সেনাবাহিনী, যেখানে প্রাণ হারালেন অন্তত ৩৮ জন, আহত শতাধিক। শুক্রবারের এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আঁচ পাওয়া যাচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলটিকে কেন্দ্র করে হাউথিদের সন্ত্রাসমূলক কার্যকলাপ ও অস্ত্রসজ্জার খবর ছিল তাদের কাছে। স্যাটেলাইট নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার সরাসরি হামলা চালানো হয়। লক্ষ্য ছিল বিদ্রোহীদের জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র, যা তাদের অপারেশন চালাতে বড় ভূমিকা রাখে। হামলার পরেই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে হোদেইদা শহর। স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বহু আহত ব্যক্তি গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুনঃ ১০ পণবন্দির মুক্তির বিনিময়ে ১,২০০ প্যালেস্টাইনি ছাড়ার প্রস্তাব, গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত
এই অভিযানের জবাবে প্রতিক্রিয়া দিয়েছে ইরানপন্থী হাউথি গোষ্ঠী। তাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলা ‘যুদ্ধ ঘোষণার সমান’ এবং তারা যথাসময়ে এর প্রতিশোধ নেবে। ইতিমধ্যে ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা, যদিও সেটি প্রতিহত করেছে আইডিএফ।
উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হাউথিরা হামাসের পক্ষ নিয়ে লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যপথে আক্রমণ চালিয়ে আসছে। মার্কিন ও ব্রিটিশ পণ্যবাহী জাহাজ তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পালটা হামলায় মার্কিন সেনাও বেশ কিছুদিন ধরেই হাউথিদের পরিকাঠামো ভাঙচুরে সক্রিয়।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে ইয়েমেন হয়ে উঠতে পারে আরেকটি যুদ্ধক্ষেত্র। এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা পশ্চিম এশিয়ায়।
