আবহাওয়া
প্রাকৃতিক দুর্যোগে কাঁপল দুই রাজ্য, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ
ডিজিটাল ডেস্কঃ প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের জেরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গেল বিহার ও উত্তরপ্রদেশ। দুই রাজ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর। মৃতদের মধ্যে বিহারে প্রাণ হারিয়েছেন ৫৮ জন এবং উত্তরপ্রদেশে ২২ জন। ক্ষতিগ্রস্ত বহু জেলা, বিধ্বস্ত ঘরবাড়ি, ভেঙে পড়েছে গাছ, দেওয়াল—বিভিন্ন স্থানে চাপা পড়ে মৃত্যু হয়েছে বাসিন্দাদের।
বিহারের নালন্দা জেলাতেই মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি—২২ জন। এছাড়া গয়া, পাটনা, মুঙ্গের, জেহানাবাদ, সমস্তিপুর, মুজফ্ফরপুর, বেগুসরাই-সহ একাধিক জেলায় বৃষ্টির তাণ্ডবে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের এই পরিস্থিতিতে প্রত্যেক জেলাশাসককে তৎপরতার সঙ্গে ক্ষয়ক্ষতির হিসেব পাঠাতে বলা হয়েছে এবং দ্রুত উদ্ধারকাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মালদায় কলেজছাত্রীর রহস্যমৃত্যু, প্রেমিকের সন্দেহই কি মৃত্যুর কারণ?
উত্তরপ্রদেশেও ক্ষয়ক্ষতির চিত্র ভয়াবহ। রাজ্যের রিলিফ কমিশনার দপ্তরের তথ্য অনুযায়ী, ২২ জন মৃতের মধ্যে ১৩ জন বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন। বাকিদের মৃত্যু হয়েছে বাড়ির দেওয়াল বা গাছ চাপা পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে কানপুর, কনৌজ, ফিরোজ়াবাদ, সীতাপুর, আজমগড়, অমেঠি ও বারাবাঁকি। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি সমস্ত জেলা প্রশাসনকে দ্রুত পরিদর্শন করে ত্রাণ বিলি ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বিহারে আগামী ৪৮ ঘণ্টায় আরও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে জানানো হয়েছে, প্রয়োজনে ঘর থেকে বের না হওয়াই শ্রেয়। এই ভয়াবহ দুর্যোগে এখনও বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং যান চলাচল ব্যাহত। প্রশাসনের তৎপরতায় উদ্ধার ও পরিষেবা পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছে।
