ভাইরাল খবর
তৃণমূল সরকারকে সরাতে হিন্দু ভোটারদের আহ্বান মিঠুনের
ডিজিটাল ডেস্কঃ বিজেপি নেতা ও বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী ফের একবার রাজ্যের হিন্দু ভোটারদের উদ্দেশে সরাসরি বার্তা দিলেন। তাঁর বক্তব্য, ‘‘বাংলায় যদি মাত্র ৯ শতাংশ হিন্দু ভোটার আমাদের পক্ষে ভোট দেন, তাহলে রাজ্যে রামরাজত্ব প্রতিষ্ঠা হবে।’’ নির্বাচনী সভায় দাঁড়িয়ে মিঠুন বলেন, ‘‘এখন সময় একটাই ভাবার— বিজেপি প্রার্থীকে জেতানো।’’
উত্তর ২৪ পরগনার সভায় মিঠুন বলেন, ‘‘বাংলায় এখনও এমন ৯ শতাংশ হিন্দু রয়েছেন, যারা ভোট দিতে আসেন না। আমি তাঁদের অনুরোধ করছি, এবার ভোট দিন। কারণ আমরা যদি না জিতি, তাহলে হিন্দু বাঙালির অবস্থা খুব খারাপ হয়ে যাবে।’’ তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ যেভাবে পরিস্থিতি সামলেছে, সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবারও যদি হেরে যাই, তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি টিকে থাকতে পারবে না।’’
আরও পড়ুনঃ বিজেপির কালীঘাট চলো অভিযানে অশান্তি, ধরপাকড় পুলিশের আটক একাধিক
সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে, রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এই রায়কে সামনে রেখেই তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছেন মিঠুন চক্রবর্তী। তাঁর বক্তব্য, ‘‘এই রায় হয়তো হাজার হাজার চাকরি প্রত্যাশীর কাছে ধাক্কা, কিন্তু দায় পুরোপুরি তৃণমূল সরকারের। তিনি আরও বলেন, ‘‘তরুণ প্রজন্মের কাছে আমার আবেদন— যদি তোমরা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাও, তাহলে এই সরকারকে সরাও। বিজেপিই একমাত্র বিকল্প।’’
মিঠুনের এই বক্তব্য ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে। বিশেষ করে হিন্দু ভোটকে ঘিরে ৯ শতাংশের যে উল্লেখ তিনি করেছেন, তা নিয়ে বিশ্লেষকদের একাংশ বলছেন, এই বক্তব্য বঙ্গ রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণের ইঙ্গিত বহন করছে। এই মুহূর্তে মিঠুনের বার্তা বিজেপির ভোট-কৌশলে কতটা কার্যকর হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
