খুন
পর্যটকের রহস্যমৃত্যু, দিঘার হোটেলঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
ডিজিটাল ডেস্কঃ পূর্ব মেদিনীপুরের দিঘায় ফের এক পর্যটকের রহস্যমৃত্যু। শুক্রবার নিউ দিঘার একটি হোটেলঘর থেকে উদ্ধার হল এক যুবতীর ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমুদ্রতট সংলগ্ন এলাকায়। মৃতার নাম চুমকি দাস অধিকারী (২৪)। তিনি মালদহের ফুলবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্রে খবর, চুমকি গত মঙ্গলবার নিউ দিঘার একটি হোটেলে ওঠেন দুই যুবক ও এক যুবতীর সঙ্গে। ভাড়া নেওয়া হয়েছিল দুটি ঘর। বৃহস্পতিবার ভোরে, ওই তিনজন কোনও কিছু না জানিয়ে হোটেল ছাড়েন। এরপর হঠাৎ বিকেলে হোটেলের রিসেপশনে ফোন আসে—অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জানান, ঘরের ভিতরে একজন আত্মহত্যা করেছেন। দিঘা থানার পুলিশ খবর পেয়ে হোটেলে পৌঁছয়। ঘরের দরজা ভেঙে দেখা যায়, চুমকি দাস ঝুলন্ত অবস্থায় রয়েছেন। সঙ্গে সঙ্গে দেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
আরও পড়ুনঃ নিখোঁজের পর দিন গলায় ফাঁস, যুবকের মৃত্যুতে আটক তরুণী
পুলিশের প্রাথমিক অনুমান, হোটেল ঘরের ভিতরে কোনওভাবে অশান্তি বা বিবাদের জেরে ওই যুবতী আত্মঘাতী হয়ে থাকতে পারেন। যদিও বিষয়টি নিছক আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ওই তিন সঙ্গীর সন্ধানে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এ প্রসঙ্গে কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেন, “এক পর্যটক মহিলার দেহ উদ্ধার হয়েছে হোটেলঘর থেকে। আমরা তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” প্রসঙ্গত, গত কয়েক মাসে দিঘা ও মন্দারমণির বিভিন্ন হোটেলে পর্যটকদের একাধিক রহস্যমৃত্যুর ঘটনা সামনে এসেছে। কোথাও আত্মহত্যা, কোথাও খুনের অভিযোগে মামলা হয়েছে। ফলে আবারও পর্যটন এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
