খুন
বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার কিশোরীর দেহ
ডিজিটাল ডেস্কঃ বান্ধবীদের সঙ্গে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল এক কিশোরী। কয়েক ঘণ্টা পর উত্তরকন্যার কাছে একটি জঙ্গল থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
মৃত কিশোরীর বাড়ি ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়ায়। নবম শ্রেণির ওই ছাত্রী মঙ্গলবার দুপুরে বেরিয়ে আর ফিরতে পারেনি। দীর্ঘক্ষণ পর তার প্রেমিক ফোন করে জানায়, কিশোরী গুরুতর অসুস্থ। পরিবারের লোকজন বাড়িতে নিয়ে আসতেই দেখতে পান, সে সংজ্ঞাহীন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বেলঘরিয়ায় দুষ্কৃতীদের হামলা, তৃণমূল কর্মীকে গুলি করে হত্যা
নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে বিরিয়ানি খেতে গিয়ে ওই জঙ্গলে কীভাবে পৌঁছাল? প্রেমিক নিজেই জানিয়েছে, সে জঙ্গল থেকে মেয়েটিকে উদ্ধার করেছে। তাহলে কীভাবে, কেন সেখানে গেল সে? পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। শারীরিক নির্যাতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। হাসপাতালে প্রেমিকের উপর ক্ষুব্ধ জনতা চড়াও হলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। ইতিমধ্যে প্রেমিক-সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
