দীর্ঘদিন পর পুনরায় চালু হল পঞ্চায়েত দপ্তর, খুশী এলাকার বাসিন্দারা
Connect with us

উত্তর দিনাজপুর

দীর্ঘদিন পর পুনরায় চালু হল পঞ্চায়েত দপ্তর, খুশী এলাকার বাসিন্দারা

Dipa Chakraborty

Published

on

চোপড়া , ৭ জুন : দীর্ঘ তিন বছর পর অবশেষে খুললো চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত। এদিন পদযাত্রা করে এসে এই পঞ্চায়েত দফতরের তালা খুলে ভেতরে প্রবেশ করেন প্রধান উপপ্রধান সহ মোট ১৫ জন সদস্য। উল্লেখ্য ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠ ভাবে দখল করে তৃণমূল কংগ্রেস।

কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে কংগ্রেসের কর্মী সমর্থকরা তৎকালীন চোপড়া ব্লক সভাপতি অশোক রায়ের নেতৃত্বে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেয়। মাঝে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হওয়ার পরে পঞ্চায়েত খুললেও কিছু দিন পরে কংগ্রেসের কর্মী সমর্থকেরা আবার পঞ্চায়েত বন্ধ করে দেয় বলে অভিযোগ ওঠে। কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যলাভের পর পঞ্চায়েত পরিষেবা দানে উদ্যোগী হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সোমবার পদযাত্রা করে এসে পঞ্চায়েতের তালা খুলে দফতরের পরিষেবা চালুতে উদ্যোগ নিয়েছে প্রধান, উপপ্রধান ও অন্যান্য সদস্যরা। এবিষয়ে পঞ্চায়েত সদস্য মোস্তাফা কামাল বলেন, এই পঞ্চায়েতকে নিয়ে একটা রাজনৈতিক ক্রাইসিস ছিল। ফলে প্রায় দুবছর ধরে বন্ধ ছিল এই পঞ্চায়েত। কিন্তু নির্বাচনের আগেই সমস্ত কংগ্রেস সদস্য যোগ দেয় তৃণমূলে। যে কারণে এ পঞ্চায়েত এখন বিরোধীশূন্য হয়ে পড়েছে। যেকারণে এই এলাকার উন্নয়ণে পঞ্চায়েত খুলে শান্তির বার্তা দেওয়া সকল জনগণকে। অন্যদিকে জেলা পরিষদ সদস্য আজিজ আহমেদ জানিয়েছেন, আজকের দিনটি এই এলাকার সকলের কাছে আনন্দের দিন। পঞ্চায়েত খুললে এলাকার সকল জনসাধারব পরিষেবা পাবে। এলাকার প্রভূত উন্নয়ন হবে। পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করতে নতুন কর্মীরা এসছে। সুতরাং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একত্রে কাজ করার আবেদন জানিয়েছেন আজিজ আহমেদ।