মালদা
সম্প্রীতির নজির জেলা পরিষদের সদস্যের
নিজস্ব সংবাদদাতা, রতুয়া, ১৯ মে : হিন্দুর মৃতদেহ সৎকার করে সম্প্রীতির নজির গড়লেন এলাকার জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির। রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো অঞ্চলের এক বৃদ্ধের মৃত্যুর পর তার দেহ সৎকার করতে এগিয়ে আসেন তিনি। বিপদের সময় হুমায়ুনবাবুকে পাশে পেয়ে খুশি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।
এছাড়াও এদিন তিনি সকলের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন। দেশজুড়ে যখন সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে পড়ছে, তখন এই ছবি সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন এলাকাবাসীরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান।” কবি কাজী নজরুল ইসলামের এই ছত্র আজও উজ্জ্বল এই বাংলার সম্প্রীতিতে। এই সম্প্রীতির ছবি ধরা পড়ল মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো এলাকায়। জানা গিয়েছে, এলাকায় বেশ পরিচিত মুখ হুমায়ুন কবির। এলাকাবাসীদের বিপদে-আপদে সবসময় তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দিনরাত এক করে মানুষের সেবায় তিনি নিজেকে নিয়োজিত করেন। পাশাপাশি তিনি জেলা পরিষদের সদস্য। বুধবার মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো এলাকার এক বৃদ্ধ মারা যান। সে খবর পাওয়া মাত্র সেখানে ছুটে যান হুমায়ুন কবির। নিজে উদ্যোগ নিয়ে সৎকারের ব্যবস্থা করেন তিনি। ওই পরিবারটিকে কিছু অর্থ সাহায্যও করেন তিনি। এছাড়াও এদিন তিনি সকলের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন। আগামীদিনেও এলাকাবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির।
