ডিজিটাল ডেস্কঃ ফের ধর্মস্থানে ভয়াবহ দুর্ঘটনা। হরিদ্বারের মনসা দেবী মন্দিরে (Mansa Devi Temple) পদপিষ্ট হয়ে প্রাণ গেল অন্তত ৭ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২৮ জন। শ্রাবণ মাসে পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড়ের মাঝে রবিবার সকালে ঘটে যায় মর্মান্তিক এই ঘটনা।
প্রাথমিক তদন্তে অনুমান, মন্দিরের সিঁড়ির ধারে আচমকা ইলেকট্রিক শকের আশঙ্কা ছড়িয়ে পড়ে। সেই আতঙ্কে একযোগে ছুটতে শুরু করেন পুণ্যার্থীরা। এর ফলেই সৃষ্টি হয় হুড়োহুড়ি ও ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের।
উল্লেখ্য, মনসা দেবীর মন্দিরটি পাহাড়চূড়ায় অবস্থিত হওয়ায় সেখানে পৌঁছতে পুণ্যার্থীদের সিঁড়ি বেয়ে উঠতে হয়। এদিন বহু পুণ্যার্থী একই সময়ে সিঁড়িতে উঠছিলেন। সেই সময়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এই দুর্ঘটনায় আহতদের দ্রুত হরিদ্বার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই সূত্রের খবর।
Advertisement
ঘটনার পরেই পুলিশ ও NDRF-এর বিশেষ দল উদ্ধারকাজে নামে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, মৃতদের পরিবার পিছু রাজ্য সরকার অর্থসাহায্য করবে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করা হবে।
हरिद्वार स्थित मनसा देवी मंदिर मार्ग में भगदड़ मचने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ है। @uksdrf, स्थानीय पुलिस तथा अन्य बचाव दल मौके पर पहुंचकर राहत एवं बचाव कार्यों में जुटे हुए हैं।
इस संबंध में निरंतर स्थानीय प्रशासन के संपर्क में हूं और स्थिति पर लगातार निगरानी रखी जा रही…
স্থানীয় প্রশাসনকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা রুখতে মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।