উত্তর দিনাজপুর
ফের পথ দুর্ঘটনা মৃত ৩, আহত ২
গোয়ালপোখর, ৪ জুন : ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে গাড়ি উলটে মৃত্যু হল ৩ জনের। দুর্ঘটনায় জখম হয়েছে আরও দু’জন। বৃহস্পতিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ঘরধাপ্পা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম বিক্রম ঘোষ(২৫), কৌসর আলম(২৫) ও মহম্মদ মহজাম(৩০)৷ এদের মধ্যে প্রথম দু’জনের বাড়ি ডালখোলার সুর্যাপুরের পিছলা গ্রামে৷ অন্যদিকে মহম্মদ মহজামের বাড়ি সূর্যাপুর সংলগ্ন বিহারের বলরামপুর থানার পোথরা এলাকায়। জানা গিয়েছে একটি সুইফট গাড়িতে করে রাতে ডালখোলা থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল ৫ জন। সেই সময় ঘরধাপ্পা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে সামনের একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে সুইফট গাড়িটি। কিন্তু গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে গাছে সজোরে ধাক্কা মেরে নয়ানজুলিতে উলটে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের৷ গুরুতর জখম হয় দু’জন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার লোকজন। আসে গোয়ালপোখর থানার পুলিশও৷ আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। অন্যদিকে মৃতদেহগুলি গাড়িতে আটকে পড়ায় উদ্ধার করতে বেশকিছুক্ষণ সময় লাগে। পরে দেহগুলিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। উল্লেখ্য গত রবিবার ইসলামপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। ফের চারদিনের মধ্যে আবারও পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। পরপর দুর্ঘটনায় মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
