ভাইরাল খবর
অন্নপূর্ণা যোজনায় আবেদন বাতিল কেন? বাড়ি বাড়ি সমীক্ষার আশ্বাস মন্ত্রী মালতি রাভা রায়ের
ডিজিটাল ডেস্কঃ অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র আবেদন (Application) বাতিল হওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষোভের আবহ তৈরি হয়েছে। অনেক আবেদনকারী দাবি করেছেন, সমস্ত নথি জমা দেওয়া এবং যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) ৩ হাজার টাকার আর্থিক সহায়তা পৌঁছায়নি। এই পরিস্থিতিতে আশ্বাস দিলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা মেখলিগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়।
মন্ত্রী জানিয়েছেন, যাঁদের আবেদন বাতিল (Rejected Application) হয়েছে, তাঁদের প্রত্যেকের বাড়িতে গিয়ে সরকারি কর্মীরা সমীক্ষা (Survey) করবেন। কেন আবেদন বাতিল হয়েছে, কোথায় তথ্যগত সমস্যা রয়েছে এবং আবেদনকারী প্রকৃতপক্ষে প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা বিস্তারিতভাবে যাচাই করা হবে।
সরকারি তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে ২৮ লক্ষেরও বেশি এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় ১ কোটি ৯ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের আওতায় ৩ হাজার টাকা করে পেয়েছেন। তবে তথ্য যাচাই (Verification) প্রক্রিয়ায় প্রায় ২৬ লক্ষ আবেদন বাতিল করা হয়েছে। এই তালিকায় থাকা বহু মহিলার দাবি, তাঁরা প্রকৃত উপভোক্তা হলেও প্রকল্পের সুবিধা পাননি।
মালতি রাভা রায় জানান, এসডিও (SDO), বিডিও (BDO) এবং গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) স্তরে বাতিল হওয়া আবেদনগুলির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গেও বৈঠক হয়েছে। তাঁর কথায়, “যোগ্য কোনও মহিলাকে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না।”
