ভাইরাল খবর
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রে চিঠি, বর্ষার আগুনে রাজ্য-রাজনীতি উত্তপ্ত
ডিজিটাল ডেস্কঃ টানা বর্ষায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা কার্যত ডুবে গেছে জলে। নদ-নদীর জল উপচে পড়ায় এলাকা পরিণত হয়েছে একটি জলবন্দি শহরে। ঘরছাড়া বহু মানুষ, ত্রাণের জন্য চলছে হাহাকার। ঠিক এমন পরিস্থিতিতে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠালেন ঘাটালের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ঘাটাল এখন “completely flooded”, বহু মানুষ আশ্রয় হারিয়েছেন, কিন্তু পর্যাপ্ত ত্রাণসামগ্রী নেই। তিনি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন কেন্দ্রকে।
এই ঘটনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির তরফে স্থানীয় সাংসদ দেব (Dipak Adhikari)-কে কাঠগড়ায় তোলা হয়েছে। অভিযোগ, তিনি কার্যত নিষ্ক্রিয়। পাল্টা দেব তাঁর সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জানিয়েছেন, “without central cooperation, development is impossible.”
আরও পড়ুনঃ ‘মুখ্যমন্ত্রীর আগে আমি জানলাম না কেন?’ NRC নোটিশ নিয়ে বিস্ফোরক ফালাকাটার গৃহবধূ
এদিকে, কয়েকদিন আগেই বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) আগামী ২-৩ বছরের মধ্যে বাস্তবায়িত হবে। তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই ১৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।
এই মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে নতুন করে। কেন্দ্র ও রাজ্য—উভয়েই একে অপরকে দোষারোপ করছে দীর্ঘসূত্রিতার জন্য। তবে হিরণের এই চিঠি পরিস্থিতিকে দিল আরও এক রাজনৈতিক মোড়।
স্থানীয়রা বলছেন, এই প্রকল্প বাস্তবায়ন হলে বর্ষায় ঘাটালবাসীর দুর্দশা অনেকটাই কমতে পারে। বিশেষজ্ঞদের মতে, স্থায়ী সমাধান ছাড়া এই বন্যা-জলাবদ্ধতার পুনরাবৃত্তি বন্ধ করা অসম্ভব।