ভাইরাল খবর
বাদ পড়ার তালিকায় পশ্চিমবঙ্গ দেশে দ্বিতীয়! ৯১ লক্ষ ভোটারের বিয়োগফলে সরগরম রাজ্য রাজনীতি
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করল নির্বাচন কমিশনের সাম্প্রতিকতম ভোটার তালিকা। নিবিড় যাচাইকরণ বা এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে ভোটার তালিকা থেকে সব মিলিয়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যা রাজ্যের নির্বাচনী মানচিত্রকে আমূল বদলে দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য জুড়ে প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ভোটারের তথ্য যাচাইয়ের (Verification) জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছিল। সোমবার গভীর রাতে কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিবেচনাধীন তালিকার (Adjudication List) মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন অযোগ্য (Not Eligible) বলে বিবেচিত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত তালিকায় আরও ৬৩ লক্ষ নাম বাতিল করা হয়েছিল। সব মিলিয়ে বাতিল হওয়া ভোটারের চূড়ান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।
জেলা ভিত্তিক তথ্যে সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে মুর্শিদাবাদ ও মালদহে। মুর্শিদাবাদে প্রায় ৪ লক্ষ ৫৫ হাজার নাম বাতিল হয়েছে। মালদহে এই সংখ্যাটি আরও উদ্বেগজনক; সেখানে অ্যাডজুডিকেশনের ফলে প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু গড়ে ৫০ হাজার করে নাম বাদ পড়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও বাতিলের খাঁড়া নেমে এসেছে কয়েক লক্ষ ভোটারের ওপর। কলকাতাতেও দুই বিভাগ মিলিয়ে প্রায় ৬৬ হাজার আবেদন প্রয়োজনীয় শর্ত (Criteria) পূরণ করতে না পারায় বাতিল হয়েছে।
কমিশন সূত্রে খবর, মূলত মৃত ভোটার (Deceased Voters), দ্বৈত ভোটাধিকার (Double Entry) এবং স্থায়ী বসবাসের স্থান পরিবর্তন করার কারণে এত বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে। ঝাড়াই-বাছাইয়ের আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৬ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার ৭২৮-এ। ভোটার তালিকার এই শুদ্ধিকরণ আগামী নির্বাচনে বিশেষ করে সীমান্ত জেলাগুলিতে ভোটের মেরুকরণ বা ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে বিজেপি ও তৃণমূল শিবির।


