দেশের খবর
রাষ্ট্রসংঘে প্যালেস্টাইনকে স্বীকৃতি, ভারতের সমর্থনে বড় বার্তা আন্তর্জাতিক মহলে
ডিজিটাল ডেস্কঃ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে রাষ্ট্রসংঘের (United Nations) সাধারণ পরিষদে (General Assembly) প্রস্তাব গৃহীত হল। এবং সেই প্রস্তাবের পক্ষে জোরালো ভোট দিল ভারত। প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এই গুরুত্বপূর্ণ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে মোট ১৪২টি দেশ। ভারতের পাশাপাশি এই তালিকায় রয়েছে একাধিক বড় শক্তিধর রাষ্ট্র।
প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ—যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র (America), ইজরায়েল (Israel), আর্জেন্টিনা (Argentina), হাঙ্গেরি (Hungary), পাপুয়া নিউ গিনি (Papua New Guinea) এবং প্যারাগুয়ে (Paraguay)। ১২টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
এই প্রস্তাবে স্পষ্টভাবে বলা হয়েছে—ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান (Two-State Solution) ছাড়া উপায় নেই। একসঙ্গে টেকসই শান্তির বার্তা দেওয়া হয়েছে।
রাষ্ট্রসংঘে পাস হওয়া এই প্রস্তাবে গাজা ভূখণ্ডকে হামাসের (Hamas) নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার কথাও উল্লেখ রয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। প্রাণ হারান ১,২০০ জন। অপহৃত হন প্রায় ২৫০ জন। এর পাল্টা জবাবে গাজায় আক্রমণ শানায় ইজরায়েল। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।
অনাহার, অপুষ্টি এবং অব্যাহত যুদ্ধের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। শিশুদের মধ্যে মৃত্যুর হার ভয়াবহ।
এর আগেও ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত ইজরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে প্রায় ১৫০টির বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। কিন্তু পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। বরং সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, গাজায় ত্রাণ নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো সাধারণ নাগরিকদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইজরায়েলি বাহিনী।
একদিকে হামাস নিধনের নামে অভিযান, অন্যদিকে মানবিক বিপর্যয়। গাজা এখন কার্যত পরিণত হয়েছে এক ‘ধ্বংসস্তূপে’।


