কোচবিহার
মোটা টাকা ঘুষ দিয়েও শেষরক্ষা হলো না, সীমান্ত পার করেই গ্রেপ্তার দুই অনুপ্রবেশকারী
ডিজিটাল ডেস্কঃ সীমান্ত পার করতেই পুলিশের জালে ধরা পড়লেন দুই অনুপ্রবেশকারী! কোচবিহারের মাথাভাঙার ধাপড়া বাজার এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তার হলেন রিজওয়ান (২৪) ও ফরমিনা আখতার (২৭)। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তাঁদের আটক করা হয়।
পুলিশের তদন্তে জানা গেছে, ধৃতরা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। কয়েক বছর আগে তাঁরা বাংলাদেশে কক্সবাজারে আশ্রয় নেন এবং সেখান থেকে নেপালে আত্মীয়ের কাছে যাওয়ার পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে তাঁরা এক দালালকে ৪০ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পার হন, কিন্তু ভারতে ঢোকার কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশের হাতে ধরা পড়ে যান।
আরও পড়ুনঃবেলঘরিয়ায় তৃণমূল নেতা গুলিবিদ্ধ, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি জারি!
রিজওয়ান জানান, মায়ানমারে থাকাকালীন তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর নিরাপত্তার খোঁজে বাংলাদেশে যান। কিন্তু সেখানেও স্থায়ী আশ্রয় না মেলায় নেপালে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে পুলিশের কড়া নজরদারিতে তাঁদের যাত্রা ব্যাহত হয়।মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান, বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে
