বিশ্বের খবর
ইরান যুদ্ধের আবহে কিমের শক্তি প্রদর্শন! জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
ডিজিটাল ডেস্কঃ বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাতের (Conflict) মধ্যেই নতুন করে পারদ চড়ালেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। ইরান বনাম পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে শনিবার জাপান সাগরের (Sea of Japan) অভিমুখে ১০টির মতো ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ (Launch) করা হয়।
রাজনৈতিক মহলের মতে, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ (Freedom Shield)-এর বিরোধিতাতেই এই শক্তি প্রদর্শন। কয়েকদিন আগেই কিম জং উনের বোন কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এই মহড়া অকল্পনীয় ভয়াবহ পরিণতি (Dire Consequences) ডেকে আনতে পারে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে যে, ক্ষেপণাস্ত্রগুলি তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (Exclusive Economic Zone) বাইরে সমুদ্রে গিয়ে পড়েছে। তবুও কোনো ঝুঁকি না নিয়ে নজরদারি (Surveillance) বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া।
বিস্ময়করভাবে, এই মিসাইল পরীক্ষা এমন সময়ে করা হলো যখন সিওলের সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক (Diplomatic Relations) ছিন্ন করেছে পিয়ংইয়ং। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের সম্ভাব্য বৈঠকের আলোচনা চলছে, অন্যদিকে কিম দক্ষিণ কোরিয়াকে স্থায়ীভাবে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। পেন্টাগন ইরানের হামলা রুখতে কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার সুযোগ কিম নিলেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক (Controversy)।


