ভাইরাল খবর
মালদহে এসআইআর বিতর্কে দিদির আশ্বাস—“ভয় পাবেন না”
ডিজিটাল ডেস্কঃ মালদহের গাজোলে (Gazole) সভা থেকে এসআইআর (SIR) ইস্যুতে রাজ্যের মানুষকে ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট ঘোষণা—“কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমি ভোট চাইতে নয়, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছি।”
তৃণমূল নেত্রীর দাবি, কাউকে ডিটেনশন ক্যাম্পে (Detention Camp) যেতে হবে না, এবং কারও নাম বাদ পড়বে না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “এসআইআরের নামে গণবন্দি করা হচ্ছে, মানুষই এর জবাব দেবে।”
এদিন ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। মমতার অভিযোগ, দেশে এখন একটাই কর—জিএসটি (GST)। কিন্তু বাংলা থেকে রাজস্ব উঠে গেলেও, প্রাপ্য অর্থ কেন্দ্র দিচ্ছে না। ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পের আটকে থাকা বকেয়ার কথাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
মঞ্চ থেকে মমতার কড়া বার্তা—“বিজেপি এসআইআর করে নিজের কবর নিজেরাই খুঁড়েছে।” বাংলা এবং বিহারের তুলনায় ইঙ্গিত করে তিনি বলেন, দুই রাজ্যের পরিস্থিতি আলাদা। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, “আজ দিল্লিতে ক্ষমতায় আছ, কাল নাও থাকতে পারো। জরুরি অবস্থা চাপানোর চেষ্টা হলে মানুষ ক্ষমা করবে না।”
নিজেকে ‘মানুষের পাহারাদার (Protector)’ দাবি করে তিনি আবারও বলেন, “যে দুশ্চিন্তা আছে তা দূর করতে এসেছি। বাংলার মানুষ নিঃশঙ্ক থাকুন।”