বিশ্বের খবর
দাভোসে মোদির প্রশংসায় ট্রাম্প! শুল্কবাণের মাঝেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির নতুন ইঙ্গিত
ডিজিটাল ডেস্কঃ বাণিজ্যচুক্তি (Trade Deal) নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা এবং পরপর শুল্কবাণ (Tariff Hike) দুই দেশের সম্পর্ককে কিছুটা তিক্ত করেছিল। সেই আবহেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্পষ্ট বক্তব্য, “মোদি একজন দারুণ নেতা (Great Leader)।”
বুধবার সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) মঞ্চে বক্তৃতা করতে গিয়ে ট্রাম্প বলেন, মোদির সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত সুমধুর (Warm Relationship)। একইসঙ্গে তিনি জানান, খুব শীঘ্রই ভারতের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করতে আগ্রহী আমেরিকা।
রাজনৈতিক মহলের মতে, ইউরোপীয় ইউনিয়নের (European Union) সঙ্গে ভারতের সম্ভাব্য মুক্ত বাণিজ্যচুক্তির আগেই ভারতকে নিজেদের দিকে টানতে চাইছে ওয়াশিংটন। আগামী ২৫ জানুয়ারি ইউরোপীয় কাউন্সিল ও কমিশনের শীর্ষ নেতৃত্বের ভারত সফর সেই ইঙ্গিতই দিচ্ছে।
তবে সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃষিপণ্য (Agriculture), মৎস্য (Fisheries) এবং ডেয়ারি (Dairy) বাজার। এই ক্ষেত্রগুলি খুলতে চায় আমেরিকা, কিন্তু তাতে দেশীয় কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে রাজি নয় ভারত। এই মতবিরোধেই আটকে রয়েছে চুক্তি।
উল্লেখ্য, গত বছর ভারতীয় পণ্যে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, রাশিয়া থেকে তেল আমদানির (Oil Import) কারণ দেখিয়ে। সেই সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের সম্পর্কে ভাটা পড়ে। তবে সাম্প্রতিক এই বার্তায় ফের আশার আলো দেখছেন কূটনীতিকরা।
