ভাইরাল খবর
মাদুরো গ্রেপ্তারিতে ট্রাম্পের প্রশংসা, ভেনেজুয়েলাকে একমাস ফ্রি ইন্টারনেট মাস্কের
ডিজিটাল ডেস্কঃ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) গ্রেপ্তার হওয়ার পর উচ্ছ্বাস গোপন করলেন না টেসলা ও স্পেসএক্স কর্তা এলন মাস্ক (Elon Musk)। মার্কিন (US) সেনার দুঃসাহসিক অভিযানে ‘শত্রু’ মাদুরোর গ্রেপ্তারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) প্রকাশ্যে অভিনন্দন জানান মাস্ক। শুধু প্রশংসাই নয়, এই সাফল্যের ‘উপহার’ হিসেবে ভেনেজুয়েলাবাসীর জন্য একমাস বিনামূল্যে ইন্টারনেট (Free Internet) পরিষেবা দেওয়ার ঘোষণা করেন তিনি।
শনিবার ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় ভেনেজুয়েলায় সফল অভিযানের কথা জানান। তার পরপরই নিজের এক্স (X) হ্যান্ডেলে মাস্ক লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন। এই পদক্ষেপ গোটা বিশ্বের জন্য বড় জয়। পৃথিবীর সব একনায়কদের (dictators) জন্য এ এক স্পষ্ট বার্তা।” একই পোস্টে তিনি দাবি করেন, এতদিন ধরে যে সমৃদ্ধির অপেক্ষায় ছিল ভেনেজুয়েলা, সেই সময় অবশেষে এসেছে।
এর পাশাপাশি মাস্কের সংস্থা স্টারলিঙ্ক (Starlink) জানায়, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলায় সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে। দীর্ঘদিন ধরেই মাদুরোর সঙ্গে মাস্কের সম্পর্ক তিক্ত। একসময় মাদুরো তাঁকে ‘প্রধান শত্রু’ বলে আখ্যা দিয়ে ভেনেজুয়েলায় এক্স নিষিদ্ধ করেছিলেন। অন্যদিকে মাস্ক বরাবরই মাদুরোকে স্বৈরাচারী (authoritarian) শাসক বলে আক্রমণ করেছেন।
উল্লেখ্য, শনিবার ভোররাতে কারাকাসে (Caracas) মার্কিন বিমান হামলার পর মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করা হয়। ভেনেজুয়েলার অভিযোগ, এই অভিযান আসলে মার্কিন আগ্রাসন (US aggression), যার লক্ষ্য তেল ও খনিজ সম্পদ। যদিও ট্রাম্প স্পষ্ট করে বলেন, “যতদিন না নিরাপদ ও ন্যায্য ভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব হচ্ছে, ততদিন ভেনেজুয়েলার দায়িত্ব আমরাই নেব।”
