ভাইরাল খবর
রাজভবনের FIR-এ তৃণমূল সাংসদ কল্যাণের তীব্র প্রতিক্রিয়া, বোমা-বন্দুক বিতর্কে উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ রাজভবনের তরফে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)-এর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় (Police Station) FIR দায়ের করা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C.V. Ananda Bose)-এর বিরুদ্ধে কল্যাণের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিস্তর বিতর্কের পরই এই পদক্ষেপ বলে রাজভবন সূত্রে জানানো হয়েছে।
কল্যাণ দাবি করেছিলেন, রাজভবনের অন্দরে নাকি বোমা-বন্দুক (Bombs & Firearms) মজুত রয়েছে। তার পরেই রাজভবনে বম্ব স্কোয়াড (Bomb Squad), CISF এবং রাজ্য পুলিশকে ডেকে তল্লাশির নির্দেশ দেওয়া হয়।
মঙ্গলবার রাজভবন জানায়, সাংসদের বিরুদ্ধে বিএনএস (BNS) ধারা ১৫১, ১৫২— সশস্ত্র বিদ্রোহকে উস্কে দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছে। পাশাপাশি সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৭ ধারা, সামাজিক সম্প্রীতি নষ্টের ১৯৬(১)(A), এবং জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে ১৫৩(১)(B), ১৫৩(১)(C), ১৫৩(২) ধারাও যোগ করা হয়েছে।
এদিকে কল্যাণ বলেন, “একটা চিঠি পাঠানো মানেই FIR নয়। আইন আমি সিভি আনন্দ বোসের চেয়ে বেশি জানি। ও ফালতু, থার্ড-গ্রেডেড লোক। উস্কানিমূলক কথা ও-ই বলেছেন।”
শনিবার চুঁচুড়ায় তৃণমূলের লিগ্যাল সেল (Legal Cell)-এর সভা থেকেই তিনি প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে আক্রমণ করেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, “রাজভবনে ক্রিমিনালদের (Criminals) আশ্রয় দেওয়া হচ্ছে, বোমা-বন্দুক দেওয়া হচ্ছে।”
তল্লাশি শেষে রাজ্যপাল বলেন, “ভুয়ো অভিযোগ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে কল্যাণকে কড়া হুঁশিয়ারিও দেন তিনি।


