রায়গঞ্জ শহরে বাড়ছে টোটোর দৌরাত্ম, ব্যবস্থা গ্রহণের দাবি
Connect with us

রায়গঞ্জ

রায়গঞ্জ শহরে বাড়ছে টোটোর দৌরাত্ম, ব্যবস্থা গ্রহণের দাবি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০২ ডিসেম্বর : রায়গঞ্জ শহরের ক্রমাগত বেড়ে চলেছে টোটোর সংখ্যা। ফলে যানজটে পড়ে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ৷ তাদের অভিযোগ টোটোর দৌরাত্ম্যের কারণে শহরের বিভিন্ন এলাকায় যানজট তৈরি হলেও নির্বিকার পুর কর্তৃপক্ষ। যদিও এব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

রায়গঞ্জ শহরের টোটো দৌরাত্ম্য বন্ধের দাবি তুললেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ রায়গঞ্জ শহরের পুর এলাকার টোটো তো রয়েছেই, সাথে সকাল হতে হতেই রায়গঞ্জের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে অজস্র বেকার ছেলে পেটের টানে ভাড়ার খোঁজে টোটো নিয়ে শহরে চলে আসে। ফলে রায়গঞ্জের রাজপথ ছাড়াও অলিতে-গলিতে টোটোর সংখ্যা বেড়ে চলায় চলাচল করতে সমস্যায় পড়ছেন তারা৷ পুরবাসস্ট্যান্ড, হসপিটালের মোড়, মোহনবাটি, গীতাঞ্জলী মোড় এলাকায় রাস্তায় দাঁড়িয়ে যাত্রীদের উঠানামা করায় টোটো গুলি ৷ এতে করে তীব্র যানজট তৈরি হয়৷ বিশেষ করে সকাল দশটা থেকে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট লেগে থাকায় সমস্যায় পড়তে হয় অফিস যাত্রীদেরও৷ সাধারণ মানুষের দাবি, অবিলম্বে যানজট নিরসনে টোটো দৌরাত্ম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত পুরসভার৷ যদিও পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, টোটোর সংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছিল কিন্তু করোনা অতিমারির কারণে তা আর বাস্তবায়িত করা যায় নি। নতুন বছরে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসকে নিয়ে এব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বেসরকারি মতে রায়গঞ্জ শহরে বর্তমানে কয়েক হাজার টোটো চলাচল করে৷ এর মধ্যে পুরসভার লাইসেন্স নেই এমন টোটোর সংখ্যাই বেশি৷ তার ওপর যাত্রীদের থেকে ইচ্ছে মতো ভাড়া দাবি করার পাশাপাশি গন্তব্যস্থল অপছন্দ বা সামান্য দূর হলে যাত্রীদের প্রত্যাখান করার মতন অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে রয়েছে। স্বাভাবিকভাবেই পুর কর্তৃপক্ষ টোটোর দৌরাত্ম রোধে কী ব্যবস্থা নেয় এখন দেখার।