খুন
পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিবাদে লন্ডনে গলা কাটার হুমকি, ফের প্রকাশ্যে পাকিস্তানের আসল চেহারা
ডিজিটাল ডেস্কঃ পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিবাদে যখন লন্ডনের রাস্তায় সরব প্রবাসী ভারতীয়রা, তখন উল্টে তাঁদের বিরুদ্ধে হুমকি ছুড়ে দিলেন পাকিস্তানের শীর্ষ সেনা আধিকারিক। শুক্রবার লন্ডনে পাকিস্তান হাইকমিশনের বাইরে বিক্ষোভ চলাকালীন পাক সেনা ও বায়ুসেনার উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাত প্রকাশ্যে গলা কেটে নেওয়ার ইশারা করেন। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
প্রায় পাঁচ হাজার প্রবাসী ভারতীয় সেদিন পাকিস্তানের সন্ত্রাস মদত দেওয়ার বিরুদ্ধে স্লোগান তুলছিলেন। তাঁদের হাতে ছিল পহেলগাঁও হামলায় নিহতদের ছবি, ভারতের পতাকা এবং অভিনন্দন বর্তমানের পোস্টারও। ঠিক তখনই পাক হাইকমিশনের বারান্দায় দাঁড়িয়ে তৈমুর রাহাত বিক্ষোভকারীদের উদ্দেশে ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করেন।
আরও পড়ুনঃ শহিদ ভাইয়ের পথ অনুসরণ, পহেলগাঁওয়ে পর্যটক বাঁচালেন নাজাকাত আহমেদ শাহ
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শুধু হুমকি দিয়েই থেমে থাকেনি পাকিস্তান হাইকমিশন। বরং বিক্ষোভ দমন করতে উচ্চস্বরে গান বাজানো শুরু হয় ভবনের মধ্য থেকে। প্রবাসী ভারতীয়রা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর তৈরি করেছে। আজ তার ফল ভোগ করতে হচ্ছে কাশ্মীরের নিরীহ মানুষদের।”
আন্দোলনকারীরা আরও বলেন, বিশ্বজুড়ে যখন নৃশংস হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ধিক্কার উঠছে, তখন লন্ডনের মতো শহরেও তাদের এই উদ্ধত আচরণ প্রমাণ করে, তারা সন্ত্রাসের পথ থেকে একচুলও সরেনি। পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে নিহত ২৬ জন নিরীহ মানুষের বিচার চেয়ে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।
