ভাইরাল খবর
হাসপাতালে নেই স্ট্যান্ড, নাতির জন্য হাতে স্যালাইনের বোতল নিয়ে দাঁড়িয়ে বৃদ্ধা দিদিমা
ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সতনা জেলার সর্দার বল্লভভাই পাটেল জেলা হাসপাতালে এক লজ্জাজনক ছবি প্রকাশ্যে এল। চিকিৎসা পরিষেবার ঘাটতি ও কর্মীদের উদাসীনতার জেরে ৭২ বছরের এক বৃদ্ধাকে নাতির জন্য স্যালাইনের বোতল হাতে প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকতে হল। ঘটনাটি ঘটেছে শুক্রবার এবং মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ছবি (Grandmother Holds Drip Bottle)।
জানা গিয়েছে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ৩৫ বছরের অশ্বিনী মিশ্র (Ashwini Mishra)। তাঁকে মাইহার থেকে দ্রুত জেলা হাসপাতালে আনা হয়। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় পৌঁছালেও চিকিৎসক বা নার্স কেউই স্যালাইন স্ট্যান্ড সরবরাহ করেননি। বাধ্য হয়ে বৃদ্ধা দিদিমাকেই হাতে ধরে রাখতে হয় বোতল। এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
অভিযোগ, জেলার এই সরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই চলছে অব্যবস্থা। নেই পর্যাপ্ত বেড, স্ট্রেচার কিংবা জরুরি সময়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা। পরিবারগুলির অভিযোগ, একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। এই ঘটনা যেন সেই অমানবিক পরিস্থিতিকেই আরও স্পষ্ট করে দিল।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দায় এড়িয়ে বলেছেন, “হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন স্ট্যান্ড আছে। রোগীর চিকিৎসা ৫-৭ মিনিটের মধ্যে শুরু করা হয়েছে। বৃদ্ধা নিজেই বোতল হাতে নিয়েছিলেন।” তবুও এই দাবি ঘিরে প্রশ্ন উঠছে— যদি পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তবে কেন অসহায় বৃদ্ধার হাতে বোতল দেখা গেল?
এই ঘটনার পর স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে ফের নতুন করে ক্ষোভ জমছে জেলার সাধারণ মানুষের মধ্যে। একদিকে সরকারের স্বাস্থ্য প্রকল্প নিয়ে প্রচার, অন্যদিকে বাস্তবে রোগীর পরিবারের এই দুরবস্থা— দুইয়ের মধ্যে বিস্তর ফারাকই যেন সামনে আনল সতনা হাসপাতালের এই ঘটনা।