ভাইরাল খবর
ওই মেয়েই বাধ্য করেছে ছেলেকে আত্মহত্যায়’ — অভিযোগে উত্তাল সোদপুর, গ্রেপ্তার প্রেমিকা
প্রেমিককে আত্মহত্যায় (Suicide) প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন এক তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সোদপুরে (Sodpur)। অভিযোগ, হোয়াটসঅ্যাপে (WhatsApp) বার্তা পাঠিয়ে প্রেমিককে আত্মহত্যার পথে ঠেলে দেন তিনি। এর পরেই তরুণীর বাড়ির সামনে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করে খড়দহ থানার (Khardah PS) পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে সোদপুরেরই বাসিন্দা বিবেক দাস (Vivek Das) নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে সম্পর্ক থাকা সত্ত্বেও ওই তরুণী একাধিক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। এই নিয়ে বিবেক ও তাঁর প্রেমিকার মধ্যে একাধিকবার মনোমালিন্য তৈরি হয়েছিল।
শনিবার ঘটনার সূত্রপাত। অভিযোগ, ওই তরুণী হোয়াটসঅ্যাপে বিবেককে লেখেন— তাঁর (তরুণীর) জীবন থেকে যেন বিবেক সরে যান। এরপরই হতাশ হয়ে পড়েন বিবেক। কয়েক ঘণ্টার মধ্যেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
পরিবারের অভিযোগ, “হোয়াটসঅ্যাপ চ্যাট (WhatsApp Chat) দেখলেই বোঝা যাবে সবকিছু। ওই মেয়েই আমার ছেলেকে বাধ্য করেছে আত্মহত্যা করতে।” বিবেকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন— “ওর জন্যই আমার ছেলেটা মারা গেল। আমরা ওর কঠোর শাস্তি চাই।”
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তরুণীর বাড়ির সামনে ভিড় করে বিক্ষোভ দেখান। পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযোগের ভিত্তিতে তরুণীকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।