ম্যাটাডরের ধাক্কায় মৃত স্কুলছাত্রী, ঘটনায় পথ অবরোধে সামিল উত্তেজিত গ্রামবাসী
Connect with us

মালদা

ম্যাটাডরের ধাক্কায় মৃত স্কুলছাত্রী, ঘটনায় পথ অবরোধে সামিল উত্তেজিত গ্রামবাসী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৫ মার্চ : ইটবোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর। সোমবার দূর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দেগুন স্ট্যান্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কিশোরীর নাম শামিমা খাতুন।তার বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী এদিন নিজের বাড়ির সামনে খেলা করছিল।

সেসময় আচমকাই ভালুকা অভিমুখী একটি ইটবোঝাই ম্যাটাডর ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসমিনের। ঘটনার প্রতিবাদে মৃতদেহ আটকে করিয়ালি-ভালুকা রাজ্য সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। মৃত ছাত্রীটির মা শায়েরা বিবি জানান, এদিন সকালে পাড়ার অন্যান্যদের সঙ্গে তার মেয়ে সেখানে খেলা করছিল। রাস্তার পাশেই খেলা করছিল।কিন্তু ম্যাটাডরটি তাকে ধাক্কা মেরে দেয়। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবীতে সরব হয়েছেন তারা। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ মতিউর রহমান জানিয়েছেন, এদিন রাস্তার পাশেই তারা খেলা করছিল। সেসময় ম্যাটাডরটি দ্রুতগতিতে এসে তাকে মেরে দেয়। মূলত পথ নিরাপত্তা ও অভিযুক্তদের শাস্তির দাবীতে মৃতদেহ আটকে রেখে এদিন বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা। খবর পেয়ে ভালুকা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে চালক সহ ম্যাটাডোরটিকে আটক করে। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।