ভাইরাল খবর
বঙ্গ জয়ে কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির! প্রথম দফায় হাই-ভোল্টেজ প্রচারে নামছেন মোদী-শাহ-যোগী
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল— নিজেদের শক্তি প্রদর্শন করতে বিন্দুমাত্র খামতি রাখছে না বিজেপি (BJP)। প্রচারের ময়দানে হেভিওয়েট নেতাদের নামিয়ে একপ্রকার ‘কার্পেট বম্বিং’ (Carpet Bombing) করার রণকৌশল (Strategy) নিয়েছে গেরুয়া শিবির।
দলের প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রচারের ব্যাপ্তির নিরিখে তালিকার শীর্ষে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। উত্তর থেকে দক্ষিণ— প্রথম দফার প্রচার পর্বে সব মিলিয়ে ৩০টি জনসভা ও জনসংযোগ করবেন শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রথম দফার প্রার্থীদের হয়ে ১১টি মেগা জনসভা করবেন। সমসংখ্যক অর্থাৎ ১১টি সভায় বক্তব্য রাখবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
বিজেপির এই হেভিওয়েট তালিকায় কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের নেতৃত্বকেও গুরুত্ব দেওয়া হয়েছে। স্মৃতি ইরানি করবেন ১৩টি জনসভা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জনজাতি (Tribal) অধ্যুষিত এলাকায় ৯টি সভা করবেন। এছাড়াও তালিকায় রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা ও বিপ্লব দেব, যাঁরা প্রত্যেকে ৮টি করে সভায় অংশ নেবেন।
তালিকায় বিনোদন জগৎ (Entertainment Industry) থেকে রাজনীতিতে আসা ব্যক্তিত্বদের মধ্যে কঙ্গনা রানাওয়াত ৭টি জনসভা করবেন। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রত্যেকে ৬টি করে জনসভা করবেন। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং হেমা মালিনীও প্রচারের ময়দানে থাকছেন।
সূত্রের খবর, বিজেপি দ্বিতীয় দফার জন্যেও অনুরূপ বড় পরিকল্পনা (Master Plan) করেছে। বিশেষ করে শহর কলকাতায় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ শিডিউল (Schedule) তৈরির কাজ চলছে। দক্ষিণ কলকাতায় ভবানীপুর কেন্দ্রের কথা মাথায় রেখে রোড-শো বা মেগা জনসভার পরিকল্পনাও করছে পদ্ম শিবির। সব মিলিয়ে প্রথম দফার এই হাই-ভোল্টেজ নির্বাচনে প্রচারের সবটুকু আলো কেড়ে নিতে মরিয়া বিজেপি নেতৃত্ব।


