বিনোদন
প্রয়াত হলেন ভারতীয় ফ্যাশন জগতের প্রতিথযশা ডিজাইনার সত্য পল
নিউজ ডেস্ক , ০৭ জানুয়ারী : প্রয়াত হলেন ভারতীয় ডিজাইনার সত্য পল। বুধবার রাতে কোয়ম্বত্তূরে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ভারতীয় ফ্যাশন জগতে অন্যতম নাম ছিল সত্য পল। আটপৌরে শাড়িকে সমসাময়িক হাই এন্ড ফ্যাশন অবতারের অঙ্গ বানিয়েছিলেন তিনিই। বদলে দেন চলতি ফ্যাশনের ধ্যান ধারণাও।
১৯৪২ সালে জন্ম সত্য পলের। আগামীতে ফ্যাশন জগতে বিপ্লব আনেন তিনি। ১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড সত্য পল। যা এখনও গোটা ভারতে স্বতন্ত্র তাদের মৌলিক কাজ ও প্রিন্টের জন্য।শেষ জীবনে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন তিনি। সত্তরের দশক থেকে আধ্যাত্মিক জগতের প্রতি আকৃষ্ট হন। দার্শনিক জে কৃষ্ণমূর্তি তার জীবনধারায় এক আলাদা প্রভাব আনে। ১৯৯০ সালে তিনি ওশো রজনীশের সান্নিধ্যে আসেন। তবে ২০০৭ সালে সদগুরুর সংস্পর্শে আসার পর থেকেই বদলে যায় জীবনশৈলী।ইশা যোগ কেন্দ্রে থাকতে শুরু করেন ২০১৫ থেকে। গত ২ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল হাসপাতালে। কিন্তু হাসপাতালে বদ্ধ জীবন থেকে তিনি চেয়েছিলেন বাড়ি ফিরে আসতে। তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েই হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হয় ইশা যোগ কেন্দ্রে। বুধবার রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রতিথযশা এই ডিজাইনার।
