ভাইরাল খবর
ভোটের আগে নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব, কার বিরুদ্ধে বার্তা?
ডিজিটাল ডেস্কঃ ছাব্বিশের (2026) বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে গঠিত হতে চলেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। সূত্র বলছে, ১৫ অগাস্টের পরেই এই নতুন দলের ঘোষণা করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর ও নদিয়ার ৫০টিরও বেশি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
তবে এই দল গঠনের পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই বলে দাবি হুমায়ুনের। বরং তাঁর অভিযোগ, মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব মুখ ফেরাচ্ছে নেত্রী নির্দেশের দিক থেকেও। ফিরহাদ হাকিম, খলিলুর রহমান ও অপূর্ব সরকারের (Apu Sarkar) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে হুমায়ুন বলেন, “৬২ বছর ধরে এলাকায় থেকেও আমি গুরুত্ব পাচ্ছি না, অথচ অনেক জুনিয়র নেতারা গুরুত্ব পাচ্ছেন।”
TV সাক্ষাৎকারে হুমায়ুন সাফ বলেন, “দল গড়ে বোঝাতে চাই চাষ বলদ দিয়ে হয়, ছাগল দিয়ে নয়।” তিনি ইঙ্গিত দিয়েছেন, ভোটারদের মধ্যেও ‘যোগ্য’ ও ‘অযোগ্য’-র তফাত তৈরি হয়েছে দলের আচরণে।
আরও পড়ুনঃ খড়গপুর থেকে ফের লড়াইয়ে ফিরছেন দিলীপ ঘোষ? জল্পনায় ইন্ধন দিলেন নিজেই
তবে রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, হুমায়ুনের এই নতুন দলের পেছনে বিজেপির (BJP) আর্থিক সহায়তা থাকতে পারে। যদিও হুমায়ুন নিজে সম্প্রতি প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে কথোপকথনের দাবি করেছিলেন। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) কটাক্ষ করে বলেন, “পিপীলিকা ডানা গজায় মরিবার তরে।”
অধীর চৌধুরী (Adhir Chowdhury) জানান, “হুমায়ুন মনে করছেন তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই পাল্টা কিছু করতে চাইছেন।” তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, সংখ্যালঘু মানেই হুমায়ুন ভোট পাবেন—এমন নয়।
অন্যদিকে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) হুমায়ুনের দল গঠনকে ‘লাথির জোর বেশি হয়ে যাওয়া’ বলেই কটাক্ষ করেছেন।
রাজ্য রাজনীতিতে এই নতুন উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।