ডিজিটাল ডেস্কঃ চন্দননগরের (Chandannagar) বাসিন্দা সৈকত বসুর রাশিয়ান স্ত্রী ভিক্টোরিয়া ঝিঙ্গালিনা (Basu)-কে নিয়ে শুরু হয়েছে অভূতপূর্ব আইনি লড়াই। অভিযোগ, পাঁচ বছরের ছেলেকে নিয়ে রাশিয়ায় পালিয়ে যাওয়ার ছক কষছেন ভিক্টোরিয়া। এই প্রেক্ষিতে এবার সুপ্রিম কোর্ট (Supreme Court) কড়া পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয়, অবিলম্বে ভিক্টোরিয়া ও তাঁর সন্তানকে খুঁজে বার করতে হবে এবং সন্তানের হেফাজত দিতে হবে বাবার কাছে।
শুধু তাই নয়, আদালতের নির্দেশে দিল্লির পুলিশ কমিশনারকে বলা হয়েছে, রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়ার বিরুদ্ধে Look Out Notice জারি করতে। একই সঙ্গে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করতে এবং বিদেশ মন্ত্রককে রাশিয়ান দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে, যাতে কোনওভাবে তিনি দেশ ছাড়তে না পারেন।
আরও পড়ুনঃ বিজেপির রাজনীতিতে ‘পিছনের সারি’তে দিলীপ? দুর্গাপুর সভা ঘিরে চাঞ্চল্য
সৈকতের আইনজীবী সৌম্য চক্রবর্তী (Soumya Chakraborty) এই রায়ের প্রসঙ্গে বলেন, “এটা এক নজিরবিহীন আদেশ।” তাঁর দাবি, ৪ জুলাই শেষবার দিল্লিতে রাশিয়ান দূতাবাসে এক রুশ আধিকারিকের সঙ্গে ভিক্টোরিয়াকে দেখা গিয়েছিল। আদালতের নির্দেশ, ওই আধিকারিকের বাসভবনেও যেন তদন্ত হয়।
২০২০ সালে সৈকতের সঙ্গে ভিক্টোরিয়ার বিয়ে হয়। পরে সৈকতের দাবি, ভিক্টোরিয়া একজন স্পাই বা ‘spy suspect’ হতে পারেন। তাঁর বাবা নাকি রাশিয়ার গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্মী। এমনকি ভিক্টোরিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি সন্তানকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন এবং বারবার ফোর্ট উইলিয়ামে যাওয়ার চাপ দিতেন।
সর্বোচ্চ আদালতের এই নির্দেশের পর, এই বহুজাতিক দাম্পত্য মামলা নতুন মোড় নিল বলেই মনে করছে আইন মহল।