রাজ্যের খবর
ডিওয়াইএফআই কর্মী মৃত মইদুল ইসলাম মিদ্দার স্ত্রীকে চাকরি দিলেন মুখ্যমন্ত্রী
নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি : নবান্ন অভিযানে গিয়ে মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দার স্ত্রীকে চাকরির নিয়োগপত্র তুলে দিল রাজ্য সরকার। তাঁকে স্পেশ্যাল হোম গার্ডের চাকরি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এতে করে খুশি ডিওয়াইএফআই কর্মীর স্ত্রী আলেয়া বিবি।
বাঁকুড়ার কোতলপুরের চোরকোলা গ্রামে বাড়ি মৃত মইদুল ইসলাম মিদ্দার। পরিবারে রয়েছেন মিদ্দার মা, স্ত্রী আলিয়া বিবি, দুই সন্তান ও এক ভাগ্নি। কোনো সময় টোটো আবার অটো চালিয়ে দিনপাত করতেন। ফলে পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন মইদুল৷ তার মৃত্যুতে আকাশ ভেঙ্গে পড়েছে পরিবারে৷ আপাত শান্তির জীবনে ছেদ টেনে দিয়েছে বাম ছাত্র-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযান। বাঁকুড়া থেকে কলকাতায় সেই আন্দোলনে যোগ দিতে এসে প্রাণটাই হারাতে হয়েছে তরতাজা ওই যুবককে। তাঁকে হারিয়ে কার্যত পথে বসেছে গোটা পরিবার। এই পরিস্থিতিতে বাম বিক্ষোভের মাঝে তাঁর পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবিমতোই তাঁকে পুলিশের হোমগার্ডে চাকরি দেওয়া হল। জেলা শাসক, জেলা পুলিশ সুপার এবং পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্যামল সাঁতরা কোতুলপুরে মিদ্দার বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন। এর পাশাপাশি সবরকমভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী শ্যামল সাঁতরা। যদিও প্রথমদিকে চাকরি নিতে নারাজ ছিল তাঁর পরিবার। কিন্তু রোজগেরে মানুষের মৃত্যুতে কি করে পরিবারটা চলবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন স্ত্রী আলিয়া বিবি৷ পরে অবশ্য মত পাল্টে মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি নিলেন ৷
