রাজ্যের খবর
খুব শীঘ্র ঘোষণা নির্বাচনী নির্ঘণ্ট, মাসের শেষে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী
নিউজ ডেস্ক , ২০ ফেব্রুয়ারি :আর কিছুদিনের মধ্যে ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের নির্ঘণ্ট। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবরকম প্রস্তুতি নিতে চলেছে নির্বাচন কমিশন। ২০২১ সালের বিধানসভা ভোটে কোনও রকম অপ্রীতিকর ঘটনা কিংবা অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা।
সেই বিষয়টি মাথায় রেখেই রাজ্যে প্রথম দফায় আসতে চলেছে প্রায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফেব্রুয়ারির শেষেই তারা হয়ত রাজ্যে চলে আসবে। ১২৫ কোম্পানির মধ্যে ৬০ কোম্পানি সিআরপিএফ থাকবে। এ ছাড়াও সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং বিএসএফ থাকবে নিরাপত্তার জন্য। শহর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে জওয়ানদের। মূলত এবার কোভিড আবহে নির্বাচনের বিষয়টি মাথায় রেখে বেড়েছে বুথের সংখ্যা।প্রায় ২২ হাজার অতিরিক্ত বুথ থাকছে এবার। তা নিয়ে সারা রাজ্যে মোট বুথের সংখ্যা হয়েছে ১ লক্ষের কিছু বেশি।বর্ধিত বুথের কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীও বাড়ানো হতে পারে। নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পরই তাঁদের দিয়ে বিভিন্ন এলাকায় রুট মার্চ করানোর পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশনের।এজন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও।
