ভাইরাল খবর
সরকারি টাকার হিসাব নেই, মিড-ডে মিলে গুড়মুড়ি-ভাত! তালাবদ্ধ স্কুলের হেডমাস্টার
ডিজিটাল ডেস্ক: সরকারি বরাদ্দের টাকার হিসাব দিতে না পারা এবং মিড-ডে মিলের (Mid-Day Meal) নিম্নমান নিয়ে বিক্ষোভে উত্তাল হলো বর্ধমানের আউশগ্রাম (Ausgram) শোকাডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ, মাসে মাথাপিছু ১৮০০ টাকা বরাদ্দ হয় ছাত্র-ছাত্রীদের জন্য। কিন্তু সেই খরচের সঠিক হিসাব দিতে পারেননি প্রধান শিক্ষক সঞ্জয় দাস (Sanjay Das)।
গ্রামবাসীদের দাবি, হিসাব গড়মিল করা হয়েছে বলেই তথ্য গোপন করছেন হেডমাস্টার। শুধু তাই নয়, খাবারেও চলছে অনিয়ম। মিড-ডে মিলে শিশুদের যথাযথ খাবার দেওয়া হচ্ছে না। সকাল ও সন্ধ্যায় দেওয়া হচ্ছে কেবল গুড়মুড়ি। আর আবাসিক ছাত্র-ছাত্রীদের প্রতিদিন একই রকম খাবার—এক তরকারি দিয়ে ভাত পরিবেশন করা হয় বলে অভিযোগ।
বিদ্যালয়টিতে বর্তমানে ৯৩ জন ছাত্র-ছাত্রী এবং ৪ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জন আবাসিক ছাত্র-ছাত্রী। স্থানীয়দের ক্ষোভ, সরকারি বরাদ্দ অনুযায়ী শিক্ষার্থীদের মানসম্মত খাবার ও অন্যান্য সুবিধা পাওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
অভিভাবক ও গ্রামবাসীরা এ নিয়ে উত্তেজিত হয়ে শনিবার প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সঞ্জয় দাসকে তালাবদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
একজন গ্রামবাসী জানান, “আমরা তালা মেরেছি কারণ প্রধান শিক্ষক কোনও হিসাব দেখাতে পারেননি। এক বছরের কত খরচ হয়েছে, তারও কোনও রেকর্ড দেননি। শুধু গুড়-মুড়ি খেতে দিচ্ছে। প্রতিদিন এক তরকারি দিয়ে ভাত দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়েই কমিটিকে জানাতে হয়েছে।”
তবে এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সঞ্জয় দাস সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


