বাংলাদেশ
ঢাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, স্কুলে বিধ্বস্ত এফ-৭ ফাইটার যুদ্ধবিমান
ঢাকার আকাশে ফের শোকের ছায়া। বাংলাদেশের রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে আকাশে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে যুদ্ধবিমানটি। স্কুল ভবনের উপর সজোরে আছড়ে পড়ে বিমানটি, সাথে সাথেই বিকট বিস্ফোরণ এবং আগুন। বিস্ফোরণের পর দাউদাউ করে জ্বলতে থাকে স্কুল ভবন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ২৮ জন, যাঁদের অধিকাংশই ওই স্কুলের শিক্ষার্থী। আহতদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন। তাঁদের সহায়তায় উদ্ধার করা হয় আহতদের। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল এবং ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিমা খানম বলেন, “আমাদের দল একজনের মৃতদেহ উদ্ধার করেছে এবং বিমানবাহিনী চারজন আহতকে উদ্ধার করেছে।” পাইলটের অবস্থা সম্পর্কে এখনো কিছু স্পষ্ট নয়।
দুর্ঘটনার সময় স্কুলে ক্লাস চলছিল। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। ভবন থেকে একে একে বের করে আনা হয় আহতদের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি সমাজমাধ্যমে এক বার্তায় বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। সরকার তদন্তের মাধ্যমে এর কারণ খুঁজে বার করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
দুর্ঘটনার দৃশ্য অনেক দূর থেকে চোখে পড়েছে সাধারণ মানুষের। আকাশে ঘন কালো ধোঁয়া এবং আগুনের তাণ্ডব দেখে অনেকেই আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক দুর্ঘটনার স্মৃতি স্মরণ করেন।
সার্বিকভাবে এই দুর্ঘটনা বাংলাদেশে বিমান নিরাপত্তা ও প্রশিক্ষণ ফ্লাইটের উপর বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।
