দেশের খবর
ব্রিটেনে জয়শঙ্করের সফরে উত্তেজনা, জাতীয় পতাকা ছেঁড়ায় তীব্র প্রতিবাদ!
ডিজিটাল ডেস্কঃ ব্রিটেন সফরে গিয়ে চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। লন্ডনের চ্যাথাম হাউসের বাইরে একদল বিক্ষোভকারী তাঁর গাড়ির কাছে চলে আসেন এবং ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার মতো বিতর্কিত কাজ করেন। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার পেছনে রয়েছে খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। বুধবার রাতে চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গিয়েছিলেন এস জয়শঙ্কর। সেসময় খলিস্তানপন্থীরা ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন এবং পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুনঃজলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্লাস নিলেন মহকুমা শাসক
অনুষ্ঠান শেষে জয়শঙ্কর বেরিয়ে আসার মুহূর্তে এক বিক্ষোভকারী হঠাৎই তাঁর গাড়ির সামনে চলে আসেন। এরপর তিনি কনভয়ের সামনে দাঁড়িয়ে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজন বিক্ষোভকারী কনভয়ের খুব কাছে এসে উচ্চস্বরে ভারত-বিরোধী স্লোগান দিতে থাকেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও পরে দ্রুত বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। তবে কূটনৈতিক সফরের সময় এমন নিরাপত্তা লঙ্ঘন হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই ঘটনার কড়া প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন,
“আমরা বিদেশমন্ত্রীর ব্রিটেন সফরের সময় নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। বিচ্ছিন্নতাবাদী শক্তির এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এ ধরনের হামলার পর ভবিষ্যতে কূটনৈতিক সফরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে। ভারতের পক্ষ থেকে ব্রিটেন সরকারের কাছে এ বিষয়ে কড়া বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
