ভাইরাল খবর
চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা? আলিপুরদুয়ারে বড় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আর বেশি দেরি নেই। তার আগেই উত্তরবঙ্গের চা শ্রমিকদের (Tea Garden Workers) উদ্দেশে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অংশ হিসেবে আলিপুরদুয়ারে জনসভা থেকে চা বাগানের দৈনিক মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
সভা থেকে অভিষেক স্পষ্ট জানিয়ে দেন, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গঠিত হলে আলিপুরদুয়ারই হবে তাঁর প্রথম অগ্রাধিকার। তাঁর কথায়, “কমপক্ষে চা বাগানে দৈনিক মজুরি ৩০০ টাকা করার চেষ্টা করব।” এই লক্ষ্যে বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক (Tripartite Meeting) করার আশ্বাসও দেন তিনি।
বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ টাকা। অভিষেক মনে করিয়ে দেন, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার সময় এই মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। মূল্যবৃদ্ধির (Price Rise) প্রসঙ্গ তুলে তিনি বলেন, আলু, সবজি থেকে শুরু করে পোশাক— সব কিছুর দাম বেড়েছে, ফলে বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন।
এদিন কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) ও স্থানীয় বিজেপি সাংসদকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ, চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দিয়েও কেন্দ্র পিছিয়ে গেছে। পাশাপাশি ‘এক দেশ এক ভোট’ (One Nation One Vote) ও এসআইআর (SIR) প্রসঙ্গ তুলে বিজেপির বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
সভা শেষে মঞ্চ ছেড়ে না গিয়ে অভিষেক সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শোনেন এবং লিখিতভাবে সমস্যার কথা গ্রহণ করেন। তাঁর বক্তব্য, একতরফা ভাষণ নয়, মানুষের প্রশ্নের উত্তর দিতেই তিনি রাজনীতি করেন।


