খেলার খবর
মেসির শো ঘিরে কালো টাকার সন্দেহ: শতদ্রুর বাড়িতে তল্লাশি, যুবভারতী কাণ্ডে গ্রেপ্তার বাড়ল
ডিজিটাল ডেস্কঃ লিওনেল মেসির (Lionel Messi) ‘গোট ট্যুর’ (GOAT Tour) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Krirangan) যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার তদন্তে এবার নতুন মোড়। ওই ঘটনার মূল আয়োজক শতদ্রু দত্তকে (Shatadru Dutta) আগেই বিমানবন্দর (Airport) থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাঁর রিষড়ার (Rishra) বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালাল বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionerate)।
শুক্রবার মহিলা পুলিশকর্মী-সহ পাঁচজন আধিকারিক রিষড়া থানার সহায়তায় শতদ্রুর তিনতলা বাড়িতে প্রবেশ করেন। জানা যায়, ওই বাড়িতে সুইমিং পুল (Swimming Pool) ও ছোট ফুটবল মাঠ (Football Ground) রয়েছে। তবে তল্লাশির সময় বাড়িতে কেবল পরিচারিকাই উপস্থিত ছিলেন। ঘরে ঘরে তল্লাশি চালিয়ে নথি ও আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হয়। তদন্তকারীদের অনুমান, মেসির শোয়ে কালো টাকা (Black Money) ব্যবহার হয়ে থাকতে পারে। এই অভিযোগের তদন্তে নামতে পারে ইডি (ED), যদিও এখনও কোনও সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি।
এদিকে যুবভারতী ভাঙচুর কাণ্ডে শুক্রবার আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। লেকটাউন (Lake Town) ও নাগেরবাজার (Nagerbazar) এলাকা থেকে তাঁদের ধরা হয়। এই নিয়ে মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল ৯।
উল্লেখ্য, ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) মেসির উপস্থিতিকে ঘিরে বিশৃঙ্খলা চরমে ওঠে। মাত্র ২০ মিনিট মাঠে থাকার পর মেসিকে টানেল দিয়ে বের করে নেওয়া হয়। এরপর গ্যালারি ভেঙে মাঠে ঢুকে পড়ে জনতা। চেয়ার, রেলিং, গোলপোস্ট ভাঙচুর, আগুন লাগানো ও পুলিশের সঙ্গে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে বাংলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মত পর্যবেক্ষকদের।


