ভোটের খবর
দ্বিতীয় দফার মহাযুদ্ধে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! বুধের সকালে ভাগ্য নির্ধারণ ১৪২ আসনে
ডিজিটাল ডেস্ক: হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। বুধবার সকালেই পশ্চিমবঙ্গের (West Bengal) সাতটি জেলার ১৪২টি আসনে শুরু হতে চলেছে দ্বিতীয় দফার মেগা নির্বাচন (Phase 2 Mega Polls)। এই হাই-ভোল্টেজ ভোটের ঠিক আগের রাতে এক নজিরবিহীন পদক্ষেপে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা (Supplementary Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মেনে সোমবার পর্যন্ত ট্রাইব্যুনালে (Tribunal) যে সমস্ত ভোটারদের নাম নিয়ে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল, তাঁদের নিয়ে এই তালিকা তৈরি হয়েছে। প্রথম দফার আগে ১৩৯ জনের নাম যুক্ত হলেও, দ্বিতীয় দফার আগে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬৮। এর বিপরীতে নাম কাটা গিয়েছে ৬ জনের। কমিশনের নির্দেশ অনুযায়ী, নতুন তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে দ্রুত ভোটার স্লিপ (Voter Slip) পাঠানোর ব্যবস্থা করা হয়েছে যাতে বুধবার তাঁরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
দ্বিতীয় দফার নির্বাচনকে ‘পাখির চোখ’ করে নিরাপত্তার (Security) নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলা হচ্ছে সাত জেলাকে। প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী (Central Forces) এবং ৩৮,২৯৭ জন রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে। কমিশনের নয়া গাইডলাইন (Guideline) অনুযায়ী, প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী থাকবে। শহর কলকাতার জন্য বরাদ্দ হয়েছে ২৭৩ কোম্পানি বাহিনী। এছাড়া ব্যারাকপুরে ১৬০ এবং ডায়মন্ড হারবারে ১৩৪ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে।
প্রশাসনিক স্তরেও বড় রদবদল (Shuffling) ঘটিয়েছে কমিশন। প্রথম দফার দায়িত্ব সামলানো ২৬ জন দক্ষ পুলিশ অফিসারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে দ্বিতীয় দফার সংবেদনশীল এলাকায় আনা হয়েছে। ব্যারাকপুর ও ডায়মন্ড হারবারের মতো হাই-ভোল্টেজ কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। কোনো অভিযোগ থাকলে সরাসরি জানানোর জন্য সিআরপিএফ (CRPF) বিশেষ হেল্পলাইন নম্বর (Helpline Number) চালু করেছে। মোবাইল নম্বর দুটি হল- ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ ও ল্যান্ড লাইন নম্বরটি হল- ০৩৩২৩৬৭১১১৭। নিউটাউনের স্পেশাল কন্ট্রোল রুম থেকে প্রতিটি মুহূর্তের খবরের ওপর নজর রাখছে কমিশন। শেষ মুহূর্তের এই ভোটার তালিকা প্রকাশ এবং অফিসার রদবদল ভোটের ময়দানে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।
