দেশের খবর
‘সুদর্শন’ আরও শক্তিশালী! ভারত-রাশিয়ার ১০,০০০ কোটির প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের মিসাইল আক্রমণ ব্যর্থ করে দেওয়া অপারেশন ‘সিঁদুরে’র নায়ক S-400 মিসাইল সিস্টেমকে (Missile System) এবার আরও বেশি করে হাতিয়ার করতে চলেছে ভারত। সূত্রের খবর, রাশিয়ার সঙ্গে প্রায় ₹১০,০০০ কোটি টাকার নতুন প্রতিরক্ষা চুক্তি (Defence Deal) করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। এর ফলে আরও S-400 ‘সুদর্শন’ ইউনিট (S-400 Sudarshan Unit) হাতে পাবে ভারতীয় সেনা।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য (Impenetrable) করে তুলতে এবং পাকিস্তান-চিনের সম্ভাব্য আক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই চুক্তি নিয়ে আগামী ২৩ অক্টোবর একটি গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা হবে Defence Acquisition Council (DAC)-এ। অনুমোদন মিললে শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ভারত প্রথম রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলার মূল্যের S-400 কেনার চুক্তি (Agreement) করে। যদিও নানা কারণে সরবরাহে দেরি হয়েছে। শেষ দুটি ইউনিট ২০২৬-২৭ সালের মধ্যে এসে পৌঁছাবে।
এই মুহূর্তে ভারতের তিনটি গুরুত্বপূর্ণ জায়গায়— রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বাঞ্চলে (North-East) মোতায়েন রয়েছে S-400 সিস্টেম। এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৪০০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে এবং ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুর অস্ত্রসজ্জা শনাক্ত করতে সক্ষম।
সম্প্রতি অপারেশন ‘সিঁদুরে’ (Operation Sindoor) পাকিস্তানের একাধিক মিসাইল ও যুদ্ধবিমানকে ধ্বংস করে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত বিশ্বের নজরে আসে। সাফল্যের সেই অনুপ্রেরণাতেই এবার আরও বেশি পরিমাণে S-400 সংগ্রহ করতে চাইছে ভারত।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব (Strategic Partnership) ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।
