দেশ
কিছুটা কমল করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ, মৃত্যুর হার নিয়ে উদ্বেগ
নিউজ ডেস্ক, ২১ মে : করোনার থাবায় বিপর্যস্ত গোট দেশ। এদিকে ভ্যাকসিনের আকাল, অন্যদিকে অক্সিজেনের সংকট৷ জোড়া সংকটের মাঝে কিছুটা স্বস্তিদায়ক খবর এল শুক্রবার।
এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এই নিয়ে টানা বেশ কয়েকদিন ৩ লক্ষের নিচে থামল দৈনিক সংক্রমণ। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। বেশ কয়েকদিন পর বৃহস্পতিবার দেশের দৈনিক মৃতের সংখ্যাটা ৪ হাজারের নিচে নেমেছিল। শুক্রবার তা ফের ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫। শুক্রবারও তা কমেছে লক্ষাধিক। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এক সময় যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত মিলেছিল, তা আবার ঘুরে দাঁড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন, যা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের মোট ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯হাজার ৫০৩ জনের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে।
