জামাইষষ্ঠী বনাম শাহ সভা: দ্বিধায় বিজেপি বিধায়করা, সাফ বার্তা শুভেন্দুর
Connect with us

রাজনীতি

জামাইষষ্ঠী বনাম শাহ সভা: দ্বিধায় বিজেপি বিধায়করা, সাফ বার্তা শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: একদিকে শ্বশুরবাড়ির আমন্ত্রণ, অন্যদিকে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ—এই দুইয়ের মাঝে পড়ে রীতিমতো বিপাকে বাংলার বিজেপি বিধায়করা। কারণ, আগামী রবিবার (Sunday) পড়ে রয়েছে বাঙালির ঘরোয়া উৎসব জামাইষষ্ঠী, আর ঠিক সেদিনই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

দলের তরফে স্পষ্ট বার্তা—সভার উপস্থিতি আবশ্যিক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতায় এক দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সোমবার (Monday) জানান, দলের প্রত্যেক বিধায়ককে ওই সভায় থাকতে হবে। তবে এতে সমস্যা তৈরি হয়েছে বেশ কয়েকজন বিধায়কের জন্য, বিশেষত তাঁদের জন্য যাঁরা বিবাহিত।

আরও পড়ুনঃ মুজাহিদিন দমন না করায় আজ এত সন্ত্রাস। ৭৫ বছরের ব্যর্থতাকে তুলে ধরলেন মোদি

কর্মসূচি চলাকালীন আচমকা খেজুরি (Khejuri) কেন্দ্রের বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক (Shantanu Pramanik) উঠে বলেন, ‘‘শুভেন্দুদা, ওই দিন তো জামাইষষ্ঠী! কী করব বলুন?’’ বিধায়কের এই মন্তব্যে সভায় উপস্থিত অনেকেই হাসিতে ফেটে পড়েন। কিছুক্ষণের নিস্তব্ধতার পর শুভেন্দু জবাব দেন, ‘‘বিধায়কের প্রথম কর্তব্য দলের সভায় উপস্থিত থাকা। তাই দয়া করে সবাই সভায় উপস্থিত থাকবেন।’’

Advertisement
ads ads

তবে বিধায়কদের পরিস্থিতি বুঝে সমস্যার একটা ‘সমঝোতা সূত্র’ও বাতলে দেন শুভেন্দু। অকৃতদার বিরোধী দলনেতার যুক্তি, “জামাইষষ্ঠী তো পুরো দিন ধরেই চলে। বিকেলের পর অনুষ্ঠানও করা যায়। সভা শেষ হতে হতে ৪টা বাজবে। তারপর সবাই শ্বশুরবাড়িতে যেতে পারবেন, তখন উপহার দেওয়া-নেওয়াও সারা যাবে।”

একদিকে দলের সভা, অন্যদিকে শ্বশুরবাড়ির ‘ঘরোয়া রাজনীতি’—এই দুইয়ের মাঝে বিধায়কদের রীতিমতো কসরত করতে হচ্ছে। এখন দেখার বিষয়, কার কথা বেশি গুরুত্ব পান তাঁরা—দলের ‘হাই কমান্ড’, না কি বাড়ির ‘হোম মিনিস্টার’।

Continue Reading
Advertisement ads